আরও সুরক্ষা পদ্ধতি বাড়িয়ে দেশের বাজারে যে ফের পাবজি ফিরছে, এ খবর আগেই রটেছিল। এবার সেই অনলাইন গেমের টিজার প্রকাশ্যে আনল একটি দক্ষিণ কোরিয়ার সংস্থা। কিন্তু নতুন করে ফিরে আসা এই গেমের ব্যাটেলগ্রাউন্ড কেমন হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা মেলেনি। এই গেম নিষিদ্ধ হওয়ার পর তা ভারতীয়দের ভাবাবেগকে কীভাবে আঘাত করেছিল বা এই অনলাইন গেমকে সকলে ঠিক কতটা মিস করেছে, সেসবই তুলে ধরা হয়েছে নতুন টিজারের মাধ্যমে।
নতুন রূপে পাবজি ফেরার খবর চাউর হতে গেমপ্রেমীরা যতটা খুশি হয়েছিলেন, ততটাই আবার চিন্তায়ও পড়ে গিয়েছিলেন। তারা তাদের পুরনো পাবজি অ্যাকাউন্ট ফিরে পাবেন কী না, নাকি নতুন করে আবার প্রথম থেকে খেলা শুরু করতে হবে, এসব নিয়ে ধন্ধ ছিল প্রথম থেকেই। এবার সেইসব প্রশ্নেরও জবাব মিলল।
অনলাইন গেম ও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন এক সংগঠন ইনসাইডার রিপোর্টের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ভারতীয় পাবজি ইউজাররা নিজেদের পুরনো অ্যাকাউন্ট ফিরে পাবেন। এর ফলে তাদের পুরনো পাবজি স্কিন ও পুরনো অ্যাপ-টূল সবই ফেরত পাওয়া যাবে। দক্ষিন কোরিয়ার ওই সংস্থা জানিয়েছে, ভারতের জন্য একেবারে নতুন ধাঁচে ফিরিয়ে আনা হচ্ছে ইন্ডিয়ান পাবজি। তবে গ্লোবাল ভার্সান থেকে অ্যাপ-টুল কেনা বা আপডেট করতে পারবেন না ইউজাররা, এমনই ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। এবার এই অনলাইন গেমে রীতিমতো নিজের টাকা খরচা করে অ্যাপ-টুল কিনতে হবে।
View this post on Instagram
এদিন ইনস্টাগ্রামে প্রকাশিত হওয়া পাবজির টিজার ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। টিজারে লেখা রয়েছে “একদম নতুন পাবজি ইন্ডিয়া ভারতে আসছে। এখনই আপনার স্কোয়াড মেটের সঙ্গে তা শেয়ার করুন”। পাবজি ভারতে নিষিদ্ধ হওয়ার পর ভারতীয় ইউজাররা কতটা মনমরা হয়েছিলেন তা ভিডিওতে দেখানে হয়েছে । দক্ষিণ কোরিয়ার সংস্থার এই তোড়জোড় দেখে আশা করা যাচ্ছে যে নতুন বছরের শুরুতেই ভারতে ফিরে আসছে বিখ্যাত অনলাইন গেম পাবজি ইন্ডিয়া।
View this post on Instagram
প্রসঙ্গত, লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাতের পরই সে দেশকে চাপে রাখার কারণে বড়সড় সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। এই গেমের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করা হচ্ছে, এই কারণে এ দেশে নিষিদ্ধ করে দেওয়া হয় ১১৭টি চীনা অ্যাপ। সেই তালিকায় পরবর্তীকালে ঢুকে যায় জনপ্রিয় অনলাইন গেম পাবজি। ফের সরকারি নির্দেশ মেনে গেমই গুগল প্লে-স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে সরিয়ে ফেলা হয়। কিন্তু ফের সরকারি নির্দেশেই আরও বেশী সুরক্ষা নিয়ে ফের একবার নতুনভাবে দেশে ফিরছে পাবজি গেম।






