আমেরিকাতেও ব্যান হল টিকটক! তবে চীনা অ্যাপের জন্য রয়েছে সুখবর

চীনাদের বর্তমান সময়টা বড়ই খারাপ যাচ্ছে। অন্তত বৈদেশিক বাণিজ্যের দিক দিয়ে তো বটেই। ভারতের পর এবার আমেরিকাতেও ব্যান করা হল টিকটক! শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেছেন। এর ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে এই চীনা সংস্থাটি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

যদিও এই চীনা অ্যাপের জন্য একটি সুসংবাদও রয়েছে। আমেরিকায় এই অ্যাপটি নিষিদ্ধ করা হলেও মাইক্রোসফট এবার আমেরিকায় টিকটক কে কিনে নিতে চাইছে। শোনা যাচ্ছে টিকটক কর্তৃপক্ষের সঙ্গে তারা এই ব্যাপারে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। যদি এরকমটা হয় তবে আশা করা যাচ্ছে কিছুটা হলেও লোকসানের হাত থেকে বাঁচবে টিকটক।

এর আগে টিকটকের তথ্য নিরাপত্তা নিয়ে অভিযোগ ওঠায় ভারতেও ব্যান করে দেওয়া হয় এই অ্যাপ। টিকটক সহ ৫৮ টি চীনা অ্যাপ ভারতে ব্যান করা হয়েছে।

এবার নিরাপত্তা নিয়ে একই অভিযোগ তুলল আমেরিকা। ‌ মার্কিন গোয়েন্দা বিভাগের ধারণা আমেরিকাবাসীদের গোপন তথ্য এই অ্যাপের মাধ্যমে চীনের কাছে চলে যাচ্ছে। এমনকি মার্কিন গোয়েন্দারা বলছেন যে এই অ্যাপকে হাতিয়ার করে চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নাক গলাতে পারে।

সম্প্রতি মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার ডিরেক্টর জন রেডক্লিফকে মার্কিন সেনেটের কয়েকজন সদস্য চিঠি দিয়েছেন। সেই চিঠিতে লেখা আছে যে টিকটক এর উপর চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব আছে এবং এই অ্যাপের মাধ্যমে আমেরিকার জনমতকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

এর মধ্যেই শুক্রবার ট্রাম ঘোষণা করেন যে আমেরিকা থেকে ব্যান হচ্ছে টিকটক। শনিবারই জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এই অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশিকা জারি করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইতিমধ্যে টিকটকের জনকসংস্থা বাইটডান্স এর কাছ থেকে আমেরিকায় টিক টক এর মালিকানা কিনতে আগ্রহ প্রকাশ করেন বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। আমেরিকার সরকারও নাকি এমনটাই চাইছিল বলে সূত্র মারফত জানা গিয়েছে। সেজন্য টিকটকের উপর চাপও সৃষ্টি করছিল মার্কিন প্রশাসন। এরই মধ্যে প্রেসিডেন্ট এই অ্যাপটি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ায় এই প্রক্রিয়ার অগ্রগতি হতে পারে। এর ফলে মার্কিনিদের গোপন তথ্য মার্কিন দেশেই থাকবে। যদিও এতে বাইটডান্স কী বলে সেটাই এখন দেখার।

RELATED Articles

Leave a Comment