গুগল শেয়ার কিনবে lভোডাফোনে এই খবর আজ প্রকাশিত হয় একটি সংবাদপত্রে। এরপরেই প্রায় ৩৫% বেড়ে গিয়েছে ভোডাফোন-আইডিয়া শেয়ারের দাম। বম্বে স্টক এক্সচেঞ্জে ৭.৮৫ টাকা শেয়ারের দাম বেড়েছে, অর্থাৎ ৩৪.৮৭ শতাংশ।
ওই সংবাদপত্রের দাবি, গুগল ভোডাফোন আইডিয়ার ৫ শতাংশ শেয়ার কিনতে চায়। এ জন্য তারা বিনিয়োগ করবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। গুগলের পেরেন্ট সংস্থা আলফাবেট নাসডাক তালিকাভুক্ত, মার্কেট ক্যাপ ৯৬৮.০৫ বিলিয়ন ডলার।
এই ব্যাপারে কী বলছেন বিশেষজ্ঞরা?
অ্যাঞ্জেল ব্রোকিংয়ের মুখ্য উপদেষ্টা অমর দেও সিংহ বলেছেন, গুগল যদি ভোডাফোন আইডিয়ার শেয়ার কেনে তবে অনলাইন মার্কেট ও ভারতীয় টেলিকম জগতে প্রচুর ব্যস্ততা বাড়বে এর ফলে এই সংস্থারগ্রাহকরা লাভবান হবেন।
আর এই ক্ষেত্রে প্রতিযোগিতা হওয়া জরুরি কারণ করোনা পরবর্তী জগতে ডিজিটাল স্পেস বিরাট গুরুত্বপূর্ণ জায়গা রাখে। আগামী বছরগুলিতে এই ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হবে।
এই খবরে প্রকাশিত হয়েছে, আলফাবেটের রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মের শেয়ার কেনারও ইচ্ছা ছিল কিন্তু ফেসবুকের কাছে হেরে যায় তারা। এবার তারা যদি ভোডাফোন আইডিয়ার শেয়ার কেনে, তখন লড়াই হবে গুগল বনাম ফেসবুকের। লড়াই হবে ভোডাফোন বনাম জিওর মধ্যেও।
গুগল এ দেশে একাধিক বিনিয়োগে আগ্রহী। ভারতীয় টেলিকমে এখন প্রধানত দু’জন সার্ভিস প্রোভাইডার মূলস্রোতে আছে, রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল। ভোডাফোন আইডিয়া কিছুটা পিছিয়ে, তারা পুনরুজ্জীবনের পথ খুঁজছে। টেলিকমিউনিকেশন বিভাগকে তাদের ৫৮,০০০ কোটি টাকা দিতে হবে। সংস্থার নিজস্ব হিসেবনিকেশ জানাচ্ছে, বাকি অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ এখনও ২১,৫৩৩ কোটি টাকা, যার মধ্যে তারা মার্চের মাঝামাঝি মিটিয়েছে ৬,৫০০ কোটি টাকা।
গত মাসে ফেসবুক জিওর ৯.৯৯ শতাংশ শেয়ার কিনেছে ৫.৭ বিলিয়ন ডলারের বিনিময়ে। এখন গুগল যদি ভোডাফোনের ৫ শতাংশ শেয়ার কেনে তবে টেলিকম জগতে ঘটে যাবে বিপ্লব।





