বিশ্বজুড়ে ব্যাহত G-mail, YouTube-সহ Google-এর নানান পরিষেবা, দুর্ভোগ চরমে

বিশ্বজুড়ে ব্যাহত গুগলের বিভিন্ন পরিষেবা জিমেল, ইউটিউব, গুগল ড্রাইভ ও আরও অনেক। হঠাৎই সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এর জেরে  সমস্যায় পড়েছেন বিশ্বের অগুনতি ব্যবহারকারী।

এই সমস্ত পরিষেবা ব্যাহত হওয়ার জেরে নজরদারি সংস্থা ‘ডাউন ডিটেক্টর’-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৫ টা ২৬ মিনিট থেকে এই সমস্যা শুরু হয়েছে। গুগল ড্রাইভ, হ্যাংআউটস, মিট, প্লে, ডুয়ো-সহ গুগলের প্রায় সব পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানায় ওই সংস্থা।

জিমেলে লগইন করতে গেলেই স্ক্রিনে ফুটে  উঠছে, “আমরা দুঃখিত। কিন্তু সাময়িকভাবে আপনার অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না। অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি। কয়েক মিনিট পর আবারও চেষ্টা করা করুন। পরিষেবার বর্তমান অবস্থা জানতে জি স্যুইট স্ট্যাটাস ড্যাশবোর্ড দেখতে পারেন”।

এদিকে, যারা জিমেল ব্যবহার করেন, তাঁদের মধ্যে অধিকাংশ ব্যবহারকারীই লগ-ইন করতে পারছেন না। ১৫ শতাংশ মানুষ তো এই ওয়েবসাইটে ঢুকতেই পারছেন না বলে অভিযোগ উঠেছে।

একইভাবে সমস্যা দেখা দিয়েছে ইউটিউব খোলার ক্ষেত্রেও। তাতে দেখানো হচ্ছে, “কিছু ভুল হয়েছে”। ‘ডাউন ডিটেক্টর’-এর থেকে পাওয়া খবর অনুযায়ী, ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে অসুবিধা নিয়ে ইতিমধ্যেই ৯,০০০-এর বেশি রিপোর্ট জমা পড়েছে। গুগল ডকসেও একই সমস্যা হচ্ছে।

কিন্তু গুগলের তরফে এই পরিষেবার সমস্যা নিয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে ইউটিউবের বিবৃতি অনুযায়ী সংবাদসংস্থা এএনআই বলেছে, “আপাতত ইউটিউব ব্যবহারের ক্ষেত্রে আপনারা যে সমস্যায় পড়ছেন, তা আমরা জানি। এই বিষয়ে আমরা আপনাদের দ্রুত আরও খবর দেওয়া হবে”।

RELATED Articles