যেমনটা পূর্বাভাস ছিল, তেমনটাই সত্যি হল। নভেম্বরের ১৫ তারিখ ছাড়াতেই নামল তাপমাত্রা। বেশ শিরশিরানি ভাব রাজ্যজুড়ে। এই মরশুমে এই প্রথমবার কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। এবার জাঁকিয়ে শীত কবে পড়ে, সেই অপেক্ষায় বঙ্গবাসী।
রাজ্যজুড়েই বেশ শীতের আমেজ। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেশিরভাগ জায়গাতেই কুয়াশা দেখা যাবে। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগণা, নদিয়া, ও বীরভূমে সবথেকে বেশি কুয়াশা দেখা যাবে বলে জানাল আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের নানান জেলাতেই তাপমাত্রা বেশ কমেছে। পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোল, বর্ধমানে তাপমাত্রা আরও কম। কলকাতার তাপমাত্রাও কমেছে পাল্লা দিয়ে। এই মরশুমে এই প্রথম কলকাতার তাপমাত্রা নামল ২০ ডিগ্রির নীচে। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবে। তবে তাপমাত্রা নামলেও এখনই কনকনে জাঁকিয়ে শীত পড়ছে না বলেই খবর আবহাওয়া দফতর সূত্রে। ৩০ নভেম্বরের পর থেকে হাওয়া আরও বদলাবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ ও উত্তর দিনাজপুরে কুয়াশা বেশি দেখা যাবে। বিহার সংলগ্ন এই দুই শনি ও রবিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে বলে খবর। উত্তরবঙ্গের বাকি জেলায় আর বৃষ্টির পূর্বাভাস নেই।
প্রসঙ্গত, দিল্লি, চণ্ডীগড়, পঞ্জাব, বিহারে ঘন কুয়াশার দাপট থাকবে বলে খবর। উত্তর ভারতেও দেখা যাবে ঘন কুয়াশা। তামিলনাড়ু, কর্ণাটক ও পুদুচেরীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।





