রাজ্যে যেন একের পর এক ঘটনা ঘটেই চলেছে। গতকাল, শুক্রবারই কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা হয়। সেই ঘটনা নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য। তদন্ত চালাচ্ছে পুলিশ। এবার এই আবহেই উদ্ধার পুরসভার তৃণমূল ভাইস চেয়ারম্যানের দেহ। সেই মৃত্যুকে নিয়েও ঘনাচ্ছে রহস্য।
মৃত্যু হয়েছে উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে, দু’দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। খোঁজাখুঁজি করছিল তাঁর বাড়ির লোকজন। এরপর গতকাল, শুক্রবার রাতে বাড়ি ফিরেছিলেন তিনি। তবে ফের মোবাইল রেখে বেরিয়ে যান। ফেরেন অনেক রাতে।
এরপর শনিবার সকালেই তাঁর পরিবারের লোকজনের চোখে পড়ে হাড়হিম করা ঘটনা। নিজের বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় ওই তৃণমূল নেতার দেহ। গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় দেহ উদ্ধার হয়েছে বলে খবর। খবর দেওয়া হলে নোয়াপাড়া থানার পুলিশ দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে পুলিশ। আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোনও সম্পর্কের গল্প থাকতে পারে এই মৃত্যুর নেপথ্যে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর কারণ জানা যাবে।
বলে রাখি, কিছুদিন আগেই ভাটপাড়ায় খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। চায়ের দোকানে বসেছিলেন তৃণমূল নেতা। সেই সময় গুলি করা হয় তাঁকে। সেই ঘটনার তদন্ত চলছে। আবার গতকাল, শুক্রবার চায়ের দোকানে বসে থাকার সময়ই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করা হয়। তবে লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। সেই ঘটনাতেও তদন্ত চালাচ্ছে পুলিশ। আর এরই মাঝে এবার উদ্ধার হল তৃণমূল নেতার দেহ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার