পৌষ সংক্রান্তিতে শীতের কামড়ের বদলে উষ্ণতার আমেজ! কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ বেড়ে গিয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আশপাশের জেলাগুলিতেও সামান্য পার্থক্য থাকলেও মোটের উপর একই পরিস্থিতি। পৌষের শেষ দিনে যেখানে সাধারণত হাড়কাঁপানো ঠান্ডা থাকে, সেখানে এবারের সংক্রান্তিতে হিমেল হাওয়া ছাড়া শীতের প্রকোপ সেভাবে অনুভূত হয়নি।
গঙ্গাসাগরের পুণ্যস্নানে যোগ দিতে মঙ্গলবার ভোর ৬.৫৮ থেকে শুরু হয়েছে পুণ্যার্থীদের ঢল। বুধবার সকাল পর্যন্ত চলবে এই পুণ্যস্নান। শীতের কামড় কম থাকায় পুণ্যার্থীদের জন্য খানিকটা সুবিধাজনক পরিবেশ তৈরি হয়েছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, এই উষ্ণতার পিছনে রয়েছে একাধিক কারণ। গত ১২ বছরে এই প্রথমবার মকর সংক্রান্তিতে এমন উষ্ণ আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার-পাঁচদিনেও তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না। ১৮ জানুয়ারির আগে সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। তবে সপ্তাহান্তে শীতের স্বাভাবিক আমেজ কিছুটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনের বেলায় কুয়াশার সম্ভাবনা থাকলেও আকাশ থাকবে মূলত পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
এদিকে, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে উত্তর-পশ্চিম থেকে আসা ঠান্ডা হাওয়ার প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া উত্তর ভারতে জেড স্ট্রিম উইন্ড এবং রাজস্থান সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তও শীতের ব্যাটিংয়ে প্রভাব ফেলছে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া— এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসবে বলে জানানো হয়েছে।
এবারের মকর সংক্রান্তিতে উষ্ণতার এই অস্বাভাবিকতা নিয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন এর অন্যতম কারণ। এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা এবং জেড স্ট্রিম উইন্ডের প্রভাবেও উত্তুরে হাওয়ার গতিপথে বাধা সৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ঘন কুয়াশার জন্য পরিস্থিতি কিছুটা প্রতিকূল হতে পারে।
আরও পড়ুনঃ বালি ব্রিজ বন্ধ! বাতিল ডানকুনি লোকাল, দুশ্চিন্তায় অফিস যাত্রীরা
অতীতে পৌষ সংক্রান্তির দিনে যে শীতের কামড় অনুভূত হতো, এবার তার বদলে উষ্ণ আবহাওয়ার সঙ্গী হতে হয়েছে বঙ্গবাসীকে। তবে সপ্তাহান্তে শীতের আমেজ ফিরবে বলে আশা করা হচ্ছে। এখন দেখার, মাঘের শুরুতে শীতের কামড় কতটা প্রভাব ফেলতে পারে।






