শিয়ালদহের ডিআরএম দীপক নিগম এক সাংবাদিক বৈঠকে জানান, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো একটি সেতু মেরামতির জন্য ১০০ ঘণ্টার সম্পূর্ণ পাওয়ার ব্লক নেওয়া হবে। কাজের সময়কাল ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত স্থির করা হয়েছে। এই সময়ে শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও ট্রেন চলবে না। মোট ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করা হবে। পাশাপাশি, সেতুর গার্ডার পরিবর্তন এবং ব্যালাস্ট লাইন বসানোর কাজ সম্পন্ন হবে।
লোকাল ট্রেনের পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হচ্ছে। তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস। সংশ্লিষ্ট স্টেশনগুলিতে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হবে।
মেরামতির কারণে শিয়ালদহ-ডানকুনি শাখার সেতু দিয়ে কোনও ট্রেন চলবে না। তবে কিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে পরিচালিত হবে। ডিআরএম জানান, ১৭ জোড়া এক্সপ্রেস ট্রেনকে দমদম-নৈহাটি হয়ে চালানোর ব্যবস্থা করা হয়েছে। ঘুরপথে চলা ট্রেনের মধ্যে রয়েছে জম্মু-তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, শিয়ালদহ-রাজধানী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং দার্জিলিং মেল।
যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হলেও, কয়েকটি ট্রেন বাতিল হওয়ায় যাত্রীদের অসুবিধা হতে পারে। শিয়ালদহ-ডানকুনি রুটে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। স্থানীয় যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করার কথাও ভাবা হচ্ছে। বিশেষত, নিয়মিত যাত্রীদের অসুবিধা কমানোর দিকে নজর দিচ্ছে রেল।
আরও পড়ুনঃ ২০২৫ সালে কেতুর প্রভাব! মায়াবী গ্রহ বদলাবে ৪ রাশির ভাগ্য!
শিয়ালদহ ডিআরএম-এর পক্ষ থেকে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, তারা যেন আগাম পরিকল্পনা করে যাত্রার সময়সূচি ঠিক করেন। উল্লেখ্য, ৯৫ বছরের পুরনো সেতুর মেরামতির কাজ সম্পন্ন হলে এই রুটে ট্রেন চলাচল আরও নিরাপদ এবং সুষ্ঠু হবে। রেলের পক্ষ থেকে যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।






