জেতাই কী অপরাধ? বিজেপি জয়ী মহিলা প্রার্থীকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর, অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

পঞ্চায়েত ভোট, ভোট গণনার দিন তো কার্যত বোমা-বারুদের স্তূপে পরিণত হয়েছিল বাংলা। খু’ন, গুলিগালা, বোমাবাজি, ভোট লুট কিছুই বাদ যায়নি। ভোট গণনার শেষেও রাজ্যের একাধিক প্রান্তে এখনও যেন হিংসার ধারা বজায় রয়েছে।

গতকাল, বুধবার রাতে ফের রণক্ষেত্রে পরিণত হয় পশ্চিম মেদিনীপুরের সবং। এক জয়ী মহিলা বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সবং ব্লকের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলের মকরানি চক এলাকায়।

সূত্রের খবর, ওই জয়ী বিজেপি প্রার্থীর কাছে উইনিং সার্টিফিকেট চেয়েছিল দুষ্কৃতীরা। তা দিতে রাজি হন নি তিনি। সেই কারণে তাঁকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁকে রাস্তায় ফেলে রেখেই পালায় অভিযুক্তরা। এলাকাবাসীরা ওই বিজেপি প্রার্থীকে গুরুতর জখম অবস্থায় রাস্তার একপাশে পড়ে থাকতে দেখেন। তারাই তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।  

মকরানি চক এলাকার জয়ী মহিলা বিজেপি পঞ্চায়েত প্রার্থী হলেন ফাল্গুনী বিজলি বেরা। বিজেপি অভিযোগ, গতকাল, বুধবার রাতে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধরের হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতে যখন মহিলার স্বামী বাড়িতে ছিলেন না, সেই সময় ফের ওই মহিলার বাড়ি যায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, ওই মহিলার থেকে তাঁর উইনিং লেটার চাওয়া হয়। তা দিতে রাজি হন নি তিনি। এরপরই ওই মহিলা প্রার্থীকে বেধড়ক মারধর শুরু করে তৃণমূলের লোকজন। মারতে মারতে বাড়ির বাইরে আনা হয়। তাঁকে সেখানেই ফেলে রেখে পালায় দুষ্কৃতীরা। বাড়িতে লুটপাটও চালানো হয়েছে বলে অভিযোগ।

ওই মহিলা প্রার্থীকে বাড়ির সামনের রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তারা। এই ঘটনায় উত্তপ্ত হয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। তৃণমূলের তরফে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

আরও অন্যান্য খবর