আর জি করের ঘটনায় আপাতত গোটা রাজ্য উত্তাল। দিকে দিকে চলছে প্রতিবাদ, বিক্ষোভ। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবী উঠেছে নানান মহল থেকেই। সোশ্যাল মিডিয়াতেও চলছে বিক্ষোভ প্রদর্শন। এই ঘটনায় শাসক দল তৃণমূলকে তুলোধোনা করছে সাধারণ মানুষও। এমন আবহে এবার সোশ্যাল মিডিয়ায় হেনস্থার শিকার তৃণমূল যুবনেত্রী রাজন্যা হালদার। তাঁর ছবি ব্যবহার করে অশালীন পোস্ট। ধর্ষণের হুমকিও পেয়েছেন বলে দাবী তৃণমূল নেত্রীর। এবার পুলিশের দ্বারস্থ হলেন তিনি।
রাজন্যা হালদার তৃণমূলের নতুন মুখ বলেই পরিচিত। ২০২৩ সালের একুশে জুলাইয়ের মঞ্চে তাঁর নরম-গরম মন্তব্যের জেরে সকলের নজর কেড়েছিলেন তিনি। আর জি করের ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে দেখা যায় নি তাঁকে। কোনও প্রতিবাদ করতে শোনা যায়নি। তবে এবার হুমকি পেলেন তিনি।
তৃণমূল নেত্রীর দাবী, তার ছবি ব্যবহার করে অশালীন পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজন্যা জানান, যিনি এই কাজ করেছেন, তিনি একজন মহিলা। তাঁর দাবী, আর জি করের ঘটনায় যারা সুবিচার চাইছেন, তাদের মধ্যেই কোনও এক মহিলা তাঁকে এমন অশালীন মন্তব্য করেছেন।
রাজন্যার কথায়, তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি রেট বেঁধে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তৃণমূল নেত্রীর কথায়, শুধুমাত্র তাঁর সম্পর্কেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও কুরুচিকর পোস্ট করা হয়েছে। এই ঘটনায় গতকাল, বৃহস্পতিবার সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সাইবার ক্রাইম বিভাগে যাবে এই বিষয়টি। রাজন্যা জানান, বারুইপুর পুলিশের জেলার অধীন সাইবার ক্রাইম থানায় এই ঘটনার তদন্ত হবে।
রাজন্যার কথায়, ধর্ষণের হুমকি দিয়ে কখনও কোনও আন্দোলন হয় না। পুলিশ যেভাবে তৎপরতার সঙ্গে অভিযোগ নিয়েছে, তাতে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয় বলে জানান তিনি। তৃণমূল নেত্রীর কথায়, “আমি তৃণমূল করি, এটাই আমার অপরাধ? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসি চাইছেন, এটা তাঁর অপরাধ”?





