শেষ কিছুদিন ধরেই বেপরোয়া গতির জেরে নানান দুর্ঘটনার কথা সামনে এসেছে। এবার ভয়াবহ দুর্ঘটনার কবলে খোদ তৃণমূল বিধায়কের গাড়ি। বেপরোয়া গতির জেরেই মৃত্যু ২ জনের। এমন ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়।
দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ ২৫ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িতে। জানা গিয়েছে, গতকাল, শনিবার হাওড়ার বাঁকড়ায় তৃণমূলের বিধায়কের গাড়ির চালক তাঁর আত্মীয়দের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। রাত একটা নাগাদ ফিরছিলেন। সেই সময় গাড়ির গতি ছিল বেশ ঊর্ধ্বমুখী।
হাওড়ার ফরসোর রোডের কাছে এই বেপরোয়া গতির কারণেই বিধায়কের গাড়িটি প্রথমে একটি ট্রেলারে ধাক্কা মারে। এরপর ফের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেলারে ধাক্কা মেরে তার নীচে ঢুকে যায়। দুর্ঘটনার এমন ভয়াবহতার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে জানা যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়িচালকের। সঙ্গে মৃত্যু হয়েছে সঙ্গে থাকা নাবালকের।
আরও পড়ুনঃ ‘উনিই তো অভিভাবক’! বীরভূমের দায়িত্ব ফের অনুব্রতর উপরেই তুলে দিল কোর কমিটি, কেষ্ট-কাজল দ্বন্দ্ব কী মিটল?
দুর্ঘটনার সময় বিধায়ক গাড়িতে ছিলেন না। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে এসএসকেএমে পাঠানো হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তারা, এমনটাই খবর।





