ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় প্রায়শই নতুন নতুন মুদ্রা আলোচনার কেন্দ্রে উঠে আসে। তবে সাম্প্রতিক সময়ে এক মিম কয়েন, যার নাম $TRUMP, বিনিয়োগকারীদের কাছে আলোচনার শীর্ষবিন্দুতে রয়েছে। এমন কিছু ক্রিপ্টোকারেন্সি রয়েছে যা শুধুমাত্র তাদের ব্যতিক্রমী ধারণার জন্যই পরিচিতি লাভ করে। তবে $TRUMP নামের এই মিম কয়েনের যাত্রাপথ, তার সম্ভাব্য লাভ এবং আকস্মিক ধ্বস, বিনিয়োগকারীদের জন্য বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে।
ট্রাম্প মিম কয়েন (Trump Meme Coin) একটি বিশেষ ক্রিপ্টোকারেন্সি যা সোলানো ব্লকচেইনের ভিত্তিতে তৈরি। এই মুদ্রার মূল উদ্দেশ্য মজার ছলে বিনোদন প্রদান করা হলেও, এটি বিনিয়োগের দিক থেকেও ব্যাপক আলোচিত হয়। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কয়েন চালুর ঘোষণা করেছিলেন। তার ‘ফাইট ফাইট ফাইট’ স্লোগান থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়। বাজারে ২০০ মিলিয়ন কয়েন প্রাথমিকভাবে আনা হয়। তবে মজার বিষয়, এই মিম কয়েনের দাম কয়েক ঘণ্টার মধ্যেই বিপুলভাবে বাড়ে, যা বিনিয়োগকারীদের মধ্যে আকর্ষণ তৈরি করে।
গত সপ্তাহের শুক্রবার ট্রাম্প মিম কয়েন চালু হওয়ার পর থেকেই তা ক্রিপ্টো দুনিয়ায় তুমুল আলোড়ন তোলে। ৭ ডলার দিয়ে শুরু হলেও কয়েক ঘণ্টার মধ্যেই এই কয়েন ৮ হাজার শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৩ ডলারে পৌঁছে যায়। এর আকস্মিক উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করে। তারা ভেবেছিলেন, এই কয়েন দীর্ঘমেয়াদে আরও বেশি লাভ দেবে।
যদিও শুরুর লাভজনক বৃদ্ধির পর খুব দ্রুত এই কয়েনের পতন শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মিম কয়েনটি তার সর্বকালীন উচ্চতা থেকে ৬০ শতাংশ নিচে নেমে আসে। শনিবার বিকেল ৪টা নাগাদ এর মূল্য দাঁড়ায় ২৬ ডলারে। যারা এই কয়েন সর্বোচ্চ দামে কিনেছিলেন, তাদের জন্য প্রায় ৬৫ শতাংশ লোকসান হয়েছে। তবে যারা প্রথম দিকে বিনিয়োগ করেছিলেন, তারা এখনও প্রায় ৩০০ শতাংশ লাভ করতে পেরেছেন।
আরও পড়ুনঃ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা তল্লাশি তুঙ্গে! কুচকাওয়াজে দর্শকরা নিরাপদ! মোতায়েন ১৫,০০০ পুলিশ!
ট্রাম্প মিম কয়েন শুরুর দিকে বিনোদনের মুদ্রা হিসেবেই বাজারে আনা হয়েছিল। কিন্তু এই কয়েনের দ্রুত উত্থান ও পতন প্রমাণ করেছে যে, মিম কয়েন বিনিয়োগের ক্ষেত্রে বড় ঝুঁকি আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কয়েন দীর্ঘমেয়াদে টিকে থাকার ক্ষমতা রাখে না। ট্রাম্পের নাম এবং তার রাজনৈতিক জনপ্রিয়তাকে কেন্দ্র করে এই মুদ্রা যতই আকর্ষণীয় মনে হোক না কেন, এর পতনশীল দাম বিনিয়োগকারীদের কঠিন শিক্ষা দিয়েছে।





