কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুল বন্ধ, আনন্দে গঙ্গার ধারে ঘুরতে গিয়ে জলে স্নান করতে নামতেই তলিয়ে গেল ২ পড়ুয়া

স্কুলে গিয়ে দেখে যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে স্কুল বন্ধ। স্কুল ছুটি পাওয়ার আনন্দে গঙ্গার ধারে ঘুরতে গিয়ে জলে স্নান করতে নামে তিন পড়ুয়া। কিন্তু সেই আনন্দ বদলে গেল বিষাদে। জলে তলিয়ে গেল তারা। একজনকে উদ্ধার করা গেলেও বাকি ২ জনের খোঁজ মেলেনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গার ঘাটে।

একেই বর্ষাকাল। বিক্ষিপ্তভাবে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ফলে নদীর জল এমনই ফুলে ফেঁপে রয়েছে। এমন পরিস্থিতিতে গঙ্গায় নেমে স্রোতের টানে তলিয়ে গেল তিন পড়ুয়া। জানা গিয়েছে, উদ্ধার না হওয়া দুই পড়ুয়ার নাম রোহান শেখ (১২) এবং মোজাহিদ শেখ (১৩)। তাদের বাড়ি সামশেরগঞ্জের হিজলতলা গ্রামে। তারা কাঞ্চনতলা জে ডি জে ইনস্টিটিউশনের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে খবর, ভোটের জন্য বেশ কিছুদিন ধরেই স্কুল বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার এখনও বেশ কয়েকটি স্কুল খোলেনি। সামশেরগঞ্জের কাঞ্চনতলা জেডিজে ইন্সটিটিউশন এখনও বন্ধ রয়েছে। রোহান, মোজাহিদের মতো বেশ কয়েকজন ছাত্র স্কুল বন্ধ থাকার খবর জানত না। আজ, মঙ্গলবার তাই স্কুলে যায় তারা। কিন্তু স্কুল বন্ধ দেখে বাড়ি না ফিরে কাছের গঙ্গার ঘাটে ঘুরতে যায় ওই তিনজন। সেখানে কিছুক্ষণ খেলাধুলো করার পর গঙ্গায় নামে স্নান করার জন্য। নদীতে স্রোতে টান থাকায় তলিয়ে যায় তিন ছাত্রই।

বেশ কিছুক্ষণ পেরিয়ে গেলেও খোঁজ মিলছিল না তাদের। পড়ুয়াদের ডুবে যাওয়ার খবর চাউর হতেই একজন মাঝি জলে নামেন তৎক্ষণাৎ। তাঁর তৎপরতায় একজন পড়ুয়াকে বাঁচানো সম্ভব হয়। কিন্তু বাকি দু’জনের খোঁজ মেলেনি।

ঘটনার কথা জানার পরই সেখানে পৌঁছয় সামশেরগঞ্জের পুলিশ। ঘটনাস্থলে যান ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা। নিখোঁজ ছাত্রদের উদ্ধারের জন্য ডুবুরি নামানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পড়ুয়াদের বাড়িতে।

RELATED Articles