যেমন পূর্বাভাস ছিল, তেমনই হয়েছে। চলতি সপ্তাহ থেকেই নেমেছে রাজ্যের তাপমাত্রা। বিকেল হলেই বা ভোরের দিকে বেশ ভালো শীত অনুভূত হচ্ছে। কলকাতার তাপমাত্রা ইতিমধ্যেই ১৮ ডিগ্রির নীচে নেমেছে। তাহলে কী জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কারই থাকবে। কলকাতায় তাপমাত্রা ১৮ ডিগ্রির নীচে নেমেছে। অন্যদিকে, জেলাতেও তাপমাত্রা বেশ নীচের দিকে। পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে, শ্রীনিকেতনের তাপমাত্রা ১৩ ডিগ্রি, বর্ধমানে পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে।
জানা যাচ্ছে, মোটামুটি ২৪ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের পরিস্থিতিও এমনটাই থাকবে বলে খবর। আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার হেরফের হবে না খুব একটা।
গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম। আপাতত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮০ শতাংশ। রাজ্যে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না বলে খবর হাওয়া অফিস সূত্রে। কনকনে শীতে কাঁপার জন্য বঙ্গবাসীকে এখনও ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।





