‘শুধু সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না, মামলার তদন্ত করতেই জানে না…’, পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের বিচারপতির

রাজ্যে সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, তাতে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর জি করের ঘটনা তো বটেই, এরই সঙ্গে আবার কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এবার অন্য এক মামলায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

রাজারহাটের এক ব্যক্তির বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। তদন্তের প্রাথমিক রিপোর্ট দিয়ে পুলিশ জানায়, এই ঘটনায় ১২ জন হামলা করেছিল বাড়িতে। অভিযোগ সঠিক। তবে সেই অভিযোগ নিয়ে তদন্ত করার জন্য নিম্ন আদালতের অনুমতি চায় পুলিশ। সেই ঘটনাতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। এই মামলায় এবার রাজারহাট থানা নিয়ে অসন্তোষ জারি করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

পুলিশ যে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, তা দেখে বিচারপতি সরকারি আইনজীবীকে প্রশ্ন করেন, “এই রিপোর্ট দেখে আপনি সন্তুষ্ট”? পুলিশ তদন্তের জন্য নিম্ন আদালতের অনুমতি চেয়েছে, সেই ঘটনায় বিচারপতি বলেন, “এটাই বেআইনি। যেখানে পুলিশ আদালত গ্রাহ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে, সেখানে নিম্ন আদালতের অনুমতির কোনও প্রয়োজন নেই। এই আইন টুকু যদি না যানে পুলিশ তাহলে কীভাবে নাগরিক বিচার পাবে”।

বিচারপতির প্রশ্ন, “আপনার মনে হয় এই পুলিশ অফিসারদের থানায় থাকার যোগ্যতা রয়েছে? কীভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয় সেটা এরা জানে বলে মনে হচ্ছে আপনার? অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায়? এই অফিসারদের আইনের জ্ঞান কতটা? কমিশনারের জানা দরকার তিনি কাদের নিয়ে কাজ করছেন। সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না”।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট

পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিচারপতি বলেন, “এই শেষ সুযোগ পুলিশকে। এরপর যদি এমন ত্রুটি দেখা যায় তাহলে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে বাধ্য হব”। তিনি আরও বলেন, “নিউ টাউন আর রাজারহাট থানা নিয়ে একই সমস্যা। আপনারা সেটা সঠিক ভাবে না করলে…। আগামী ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে খবর।

RELATED Articles