শীতের আমেজ ভরপুর, হিমেল হাওয়ায় ধরছে শিরশিরানি, কুয়াশার দাপটও রয়েছে, কিন্তু জাঁকিয়ে শীত পড়বে কবে? কী জানাচ্ছে হাওয়া অফিস?

উৎসবের মরশুমের শেষে ধীরে ধীরে শীতের আমেজ মিলতে শুরু করেছে। বাতাসে হিমেল পরশে শীতের নাচন দেখা যাচ্ছে। ভোরের দিকে হোক বা রাতে, ভালোই শিরশিরানি অনুভূত হচ্ছে। তাপমাত্রাও কমছে পাল্লা দিয়ে। কিন্তু এখনও সেই জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় বঙ্গবাসী। আর কতদিন অপেক্ষা করতে হবে এর জন্য, উত্তর দিল আলিপুর!

রাজ্যের সর্বত্রই শীতের আমেজ রয়েছে। গ্রামের দিকে তো কোথাও কোথাও আবার শীতবস্ত্রও ব্যবহার করা শুরু করে দিয়েছে মানুষজন। আগামী কয়েকদিন রাজ্যে সামগ্রিকভাবে এমনই আবহাওয়া থাকবে বলে জানাল আবহাওয়া দফতর। কলকাতায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম।

অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কুয়াশার দাপট দেখা যাচ্ছে বটে। কনকনে উত্তুরে হাওয়ার পরশও টের পাচ্ছে উত্তরবঙ্গের মানুষ। দার্জিলিংয়ে দশের নীচে নেমেছে তাপমাত্রা। দুই দিনাজপুর ও মালদহে কুয়াশার দাপট বেশি বলে খবর।

হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে এমনই আবহাওয়া থাকবে। সকাল-সন্ধ্যেয় হিমের পরশ বজায় থাকবে। কিন্তু এত কিছুর পরও শীতের পুরোপুরি আগমন এখনই ঘটছে না বলে জানাল হাওয়া অফিস। বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ দেরি। কনকনে ঠাণ্ডা পেতে বঙ্গবাসীকে এখনও ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯৩ শতাংশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর