এবারে আরও এক নজিরবিহীন সিদ্ধান্ত রাজ্য সরকারের। এবারে প্রতি সপ্তাহে আধা ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পাবেননা রাজ্য বাসীরা। আজ নবান্নের বিদ্যুৎ ও সেচ দফতরের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানানো হয়েছে যে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে কলকাতা এবং রাজ্যের অন্যান্য জেলাগুলোতে সপ্তাহে কবে এবং কীভাবে এই আধা ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ করা হবে তা এখনও ঠিক হয়নি। পরবর্তী বৈঠকেই তা ঠিক করা হবে বলে খবর মিলেছে৷
রাজ্য সরকারের মতে এই সিদ্ধান্তের ফলে যেমন সাশ্রয় হবে কয়লা তেমনি খানিকটা রক্ষা পাবে পরিবেশও৷ বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথায় এই সিদ্ধান্ত শুধুমাত্র সাধারণ মানুষের ওপরই প্রযোজ্য হবে না। প্রযোজ্য হবে সরকারি অফিস, আদালত, মন্ত্রীদের দফরের ক্ষেত্রেও। তবে এই পরিকল্পনার সাফল্যতা নির্ভর করছে সাধারণ মানুষের ভাবনা চিন্তার ওপরই। এই প্রসঙ্গে ইতিমধ্যেই বিদ্যুৎ দফতর প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর।