এবারে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের কোন দফাই হিংসাত্মক ঘটনা ছাড়া হয়নি। প্রতি দফার ভোটের সময়ই উত্তপ্ত হয়ে উঠতে দেখা গিয়েছে বিভিন্ন এলাকা। ভোট পরবর্তী হিংসাও অনেক জায়গায় অব্যহত ছিল। তবে শুধু ভোটগ্রহণের দিনই নয়, আজ ভোট গণনার দিনও সেই একই ভাবে উত্তেজনা ছড়ায় পশ্চিমবঙ্গের দুই স্থানে।
প্রথমে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। গণনার সময় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এগিয়ে যেতে আনন্দে মেতে ওঠেন বিজেপি সমর্থকেরা। অভিযোগ, সেইসময়ই কিছু টিএমসি আশ্রিত দুষ্কৃতি এসে তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে। সেই ইটের গায়ে আহত হন এক বিজেপি কর্মী। এরপর সেই স্থানে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে যাদবপুরে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তাঁর এই অভিযোগ এর পরই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পরেন তৃণমূল কর্মীরা। এমনকি অনুপমের গাড়ি ভাঙচুরও করা হয় বলে খবর। এরপর ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছালে তারা সেখান থেকে অনুপমকে উদ্ধার করেন৷





