‘জয় শ্রী রাম’ ধ্বনিকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

রাজ্যে ‘জয় শ্রী রাম’ ধ্বনিকে কেন্দ্র করে বিতর্ক নতুন কিছু নয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একদা জড়িয়েছিলেন এই বিতর্কে। এবারে এই ধ্বনিকেই কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বীরভূমের ময়ূরেশ্বর।

শুক্রবার ময়ূরেশ্বরের ধর্মরাজতলায় চলছিল হরিনাম সংকীতর্ন। হঠাৎ সেই সংকীর্তনের মাঠেই ওঠে ‘জয় শ্রী রাম’ ধ্বনি৷ দু-জন বিজেপি কর্মী এই ধ্বনি দেন বলে অভিযোগ। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেই স্থানে উপস্থিত তৃণমূল কর্মীরা। এরপরই বচসা বাঁধে দুই পক্ষের। বচসা থেকে ক্রমে হাতাহাতি এবং শেষে তা পৌঁছায় মারামারির পর্যায়ে। দু- পক্ষই একে অপরের ওপর চড়াও হয় ইট, পাটকেল, তীর, ধনুক, বাঁশ নিয়ে। সংঘর্ষে আহত হন দুদলেরই বেশ কিছু কর্মী।

এই ঘটনায় তীর বিদ্ধ হয়ে আহত হন এক বিজেপি কর্মী। সন্তোষ সেন নামক সেই বিজেপি কর্মী বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷ এরপরই বিজেপির তরফে অভিযোগ আনা হয় যে, রাজ্যে ‘জয় শ্রী রাম’ ও বলা যাবেনা। বললেই হতে হবে তীর বিদ্ধ। তৃণমূল কর্মীরা ধর্ম ভুলেছে। তাই ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনলেই প্রাণে মারতে উদ্যত হচ্ছে৷

অপরদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন যে, বিজেপি কর্মী আহত হয়েছেন বিজেপির তীরেই। বরং তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ জানানো হয় যে, সংকীর্তনের স্থানে বিশৃঙ্খলার পর এক তৃণমূল কর্মীর পানের বরজে আগুন লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। এখনও অবধি এই ঘটনায় ৪ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও অন্যান্য খবর