দক্ষিণবঙ্গে শুরু প্রাক্ বর্ষার বৃষ্টি। সাময়িক স্বস্তি শহরবাসীর।

তীব্র গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। মাঝে মাঝে কিছু বৃষ্টি হলেও অস্বস্তি ভাব কাটেনি। অবশেষে সেই অস্বস্তি ভাব কিছুটা কাটিয়ে দক্ষিণবঙ্গ তথা কলকাতাবাসীকে কিছুটা স্বস্তি দিতে চলেছে প্রাক্ বর্ষার বৃষ্টি।

 

আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল যে আজ কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় শুরু হতে পারে প্রাক্ বর্ষার বৃষ্টিপাত৷ গায়েঙ্গ পশ্চিমবঙ্গের উপরে থাকা একটি নিন্মচাপ অক্ষরেখা থেকেই এই বৃষ্টিপাতের সূচনা বলে জানিয়েছিলেন আবহাওয়াবিদরা৷ আজ সকাল থেকেই দক্ষিণের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। ইতিমধ্যেই দমদম থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন যে, সেখানে শুরু হয়েছে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি৷ নাজেহাল করা গরমের পর এই বৃষ্টি স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে এলাকার বাসিন্দাদের।

আবহাওয়া দপ্তর সূত্রে আরও খবর মিলেছে যে, আজ বিকেলের পরও দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের বিভিন্ন জেলায়৷ তবে এবারে বর্ষা কিছুটা দেরীতেই দেশে প্রবেশ করতে বলে খবর মিলেছে৷ আগে ৪ তারিখে ঢোকার কথা থাকলেও এখন মৌসম ভবন সূত্রে খবর মিলেছে যে আগামী ৬ অথবা ৭ জুন কেরলে বর্ষা প্রবেশ করবে। ফলে প্রাক্ বর্ষার বৃষ্টি হলেও অস্বস্তি তেমন পিছু ছাড়বেনা দক্ষিণবঙ্গবাসীদের।

আরও অন্যান্য খবর