আগামী ২৩ মে ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করার দিন ছিল। কিন্তু গণনা শেষ করে সেই ফল প্রকাশ করতে ২৩ মে এর জায়গায় ২৪ মে-ও হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন অ্যাডিশনাল সিও সঞ্জয় বসু। তিনি জানান যে ভিভিপ্যাটের জন্য এবারে গণনায় অতিরিক্ত সময় লাগতে পারে। তার দরুণই ফল প্রকাশে হতে পারে বিলম্ব।
রাজ্যে এবারে শেষ দফার ভোটগ্রহণ। সপ্তম দফার ভোটেও থাকছে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৫১৩ টি কুইক রেসপন্স টিম৷ ষষ্ঠ দফার ভোটে যে অশান্তি হয়েছে সেই অশান্তি নিয়ে বিরক্ত নির্বাচন কমিশন। আর তাই সপ্তম দফার ভোটে থাকছে কড়া নিরাপত্তা।
ষষ্ঠ দফার ভোটে যারা উত্তেজনা ছড়িয়েছে তাদের সবাইকে আটক করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও ১৫ এবং ১৭ মে সব বুথ ঘুরে দেখার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে-কে। ভোটের তিনদিন আগের থেকেই সেই অঞ্চলের সমস্ত ক্লাবগুলোকে বন্ধ রাখার নির্দেশও দিওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সবমিলিয়ে এক জোরালো নিরাপত্তা ব্যবস্থা তৈরী করতে চাইছে নির্বাচন কমিশন। কিন্তু তাতে কাজের কাজ কতোটা হবে সেটিই দেখার বিষয়৷






