কালীপুজোর সময় কী বড়সড় নাশকতার ছক তৈরি করা হচ্ছিল? রাজ্য থেকে উদ্ধার ১০০ কেজি বিস্ফোরক তৈরির মশলা। উদ্ধার করল রাজ্যের এসটিএফ। গতকাল, বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৩ জনকে। তাদের থেকেই বিস্ফোরক তৈরির এই বিপুল সরঞ্জাম উদ্ধার হয়। এত পরিমাণ বোমা তৈরির মশলা কোথা থেকে এল বা কোথায় তা পাচার করার ফন্দি আঁটা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সম্প্রতি রাজ্যের নানান প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে প্রচুর বোমা। ভাটপাড়া এলাকা থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের খবর মেলে। কিংবা বিস্ফোরক উদ্ধার হয়। এবার বিপুল বোমা তৈরির মশলা উদ্ধার হল কেউটিয়া অঞ্চল থেকে। যা চিন্তা বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। ঘটনাস্থলে পৌঁছেছেন এসটিএফের কর্তারা।
সূত্রের খবর, এই অভিযানে উদ্ধার হয়েছে ৫০ কেজি পটাশিয়াম নাইট্রেট ও ৫০ কেজি আর্সেনিক সালফেট। এই সরঞ্জামগুলি বোমা তৈরিতে কাজে লাগে। এই ঘটনায় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হল ভাটপাড়ার বাসিন্দা উমেশকুমার রায়, কাকিনাড়ার বাসিন্দার নরেশ চৌধুরী ও জগদ্দলের বাসিন্দা শঙ্কর পাল। এত বিপুল পরিমাণ মশলা কোথা থেকে এল আর কেনই বা এত বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন এসটিএফ কর্তারা। এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।






