নির্বাচনে জিতে কথা রাখা হয়নি! প্রতিশ্রুতি অনুযায়ী পৌঁছয়নি পানীয় জল, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের

নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি। কিন্তু নির্বাচনে জেতার পর আর কথা রাখা হয়নি। নির্বাচনের আগে বলা হয়েছিল যে এলাকায় পানীয় জল পৌঁছবে। কিন্তু নির্বাচনের পর দু’মাস কেটে গেলেও এখনও জলের সংযোগ হয়নি। এই কারণে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত দফতরে পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মাকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

এলাকাবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি নির্বাচনে জয়ী হন, তাহলে এলাকায় পানীয় জলের সংযোগ আনবেন তিনি। কিন্তু নির্বাচনে জেতার পর কেটে গিয়েছে দু’মাস। এখনও জলের সংযোগ আসে নি।

এই কারণে পঞ্চায়েত দফতরে ওই পঞ্চায়েত সদস্যকে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপের জেরেই বিক্ষোভকারীরা পঞ্চায়েত উপপ্রধানের সঙ্গে আলোচনায় বসতে রাজি হন।

এই বিষয়ে পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা বলেন, “জলের বিষয়টি নিয়ে এলাকাবাসীরা আক্রোশ দেখিয়েছেন। এর ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে পিএইচ‌ই দপ্তরের সঙ্গে কথা বলেছি”।

অন্যদিকে, এই বিষয়ে আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীত মাহাতো জানান, “এই বিষয়টি নিয়ে আমরা পিএইচ‌ই দপ্তরের সাথে কথা বলেছি। আশা করা হচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জলের ব্যবস্থা করা যাবে। তারপরেও যদি সমস্যার সমাধান না হয় তখন পিএইচ‌ই দফতরে যাওয়া হবে”।

স্থানীয় বাসিন্দারা এখন ওই ৪৮ ঘণ্টার দিকে তাকিয়ে রয়েছেন। এলাকাবাসীদের এই বিক্ষোভের জেরে পঞ্চায়েত অফিসেই আটকে পড়েন পঞ্চায়েত কর্মীরা। কত দ্রুত এখন এই সমস্যার সমাধান হয়, এখন সেটাই দেখার।

RELATED Articles