আগামী ২৪শে ডিসেম্বর বিশ্বভারতীর শতবর্ষ উদযাপনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী
বিশ্বভারতীর শতবর্ষের উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যপাল জাগদীপ ধনখড় ও শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। একইসঙ্গে জানা যাচ্ছে উক্ত অনুষ্ঠানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের প্রধানমন্ত্রী হওয়ার খাতিরে নিজের পদাধিকারবলে বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদী। ১৯৫১ সালের মে মাসে ঠাকুরের স্বপ্নের বিশ্বভারতীকে সংসদীয় আইনের দ্বারা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও মতাদর্শকে প্রাধান্য দিয়ে আজও বিশ্বভারতীর শিক্ষা নিয়ন্ত্রিত হয়। রাজ্যের গুরুত্বপূর্ণ তথা ভারতের অন্যতম আভিজাত্যপূর্ণ বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী।
প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে বিশ্বভারতী অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র বিশ্বভারতী ভ্রমণ আর তারপরই নরেন্দ্র মোদীর বিশ্বভারতীতে বক্তৃতা দান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বঙ্গ রাজনীতিকরা।





