ফের পড়ল NRS কাণ্ডের ছায়া! খাবারে বি’ষ মিশিয়ে খাইয়ে খু’ন করা হল ১৪টি কুকুরছানাকে, উত্তেজনা এলাকাজুড়ে

ফের রাজ্যে NRS কাণ্ডের ছায়া। কলকাতার এই নামকরা সরকারি হাসপাতালে ১৬টি কুকুরছানাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যায় নাম জড়িয়েছিল দুই নার্সিং ছাত্রীর। সেই ঘটনার তিন বছর কেটে গেলেও এখনও সেই ঘটনা ভুলে যান নি কেউই।

এবার ফের তেমনই এক ঘটনা ঘটল রাজ্যে। একইভাবে নৃশংসভাবে নির্যাতন করা হল ১৪টি কুকুরছানাকে। খাবারের সঙ্গে বি’ষ মিশিয়ে ওই কুকুরছানাদের মে’রে ফেলা হয়েছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ তদন্ত করছে এই ঘটনার।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লিতে। জানা গিয়েছে, সেখানে সম্প্রতি এক পথকুকুর ১৫টি ছানার জন্ম দেয়। স্থানীয় কিছু বাসিন্দাই সেই কুকুরছানাগুলির দেখাশোনা করছিলেন। জানা গিয়েছে, গতকাল, শনিবার সন্ধ্যা পর্যন্তও ঠিক ছিল তারা। অভিযোগ, রাতের দিকে একের পর এক কুকুরছানার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বাকি চারটি কুকুরছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকাবাসীরা। একটিমাত্র ছানাই সুস্থ রয়েছে আপাতত।  

শিলিগুড়ি থানায় খবর দেন এলাকাবাসীরাই। ঘটনাস্থলে পৌঁছন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও। শিলিগুড়ি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। কুকুরছানার দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন অমানবিক কাজ কে বা কারা করল, তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED Articles