চলতি মাসে তিনদিন বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস সংগঠনগুলি। সংগঠনের কর্তাদের তরফে জানা হয়েছে, ১৫ বছরের পুরনো গাড়ি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই ধর্মঘট। একাধিক বাস সংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার পরিবহন ভবন অভিযানের ডাক দিয়েছিল। এমনকি পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে ডেপুটেশনও দেন তারা।
শহর ও শহরতলিতে দূষণ কমাতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের তরফে ১৫ বছরের পুরনো গাড়ির বাতিলের উপর জোর দেওয়া হয়েছে। চলতি বছরের জুলাই মাসের মধ্যে একাধিক বাসের বয়স ১৫ বছর হয়ে যাবে। সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে একটা বড় অংশের বেসরকারি বাস, ট্যাক্সি। তা আটকাতেই পথে নেমেছেন পরিবহণ মালিকরা।
এপ্রসঙ্গে, গণ পরিবহণ বাঁচাও কমিটির অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, “করোনার সময় টানা দুবছর বাস চলেনি। যেহেতু বাস চলেনি সেই বিষয়টিকে বিবেচনা করে পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ১৫ বছরের গাড়ি বাতিলের মেয়াদ বৃদ্ধি করা হোক।” এই দাবিতেই বাস ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, মিনি বাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং ইন্টার ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন।
বাস সংগঠনগুলির দাবি, “প্রায় ২ বছর বাসগুলি বন্ধ ছিল কোভিডের সময়। তাই ১৫ বছর পার হয়ে গেলেও যেন এখনই বাসগুলিকে বসিয়ে দেওয়া না হয়। সংগঠনের পক্ষ থেকে সময়সীমা আরও দুবছর বৃদ্ধি করার আবেদন জানানো হয়েছিল।”
গণ পরিবহণ বাঁচাও কমিটি জানিয়েছে পরিবহন দপ্তর বিষয়টি নিয়ে তৎপর না হলে একটানা তিন দিন বাস ধর্মঘটের পথে হাঁটা হবে। এবার সংগঠনগুলির পক্ষ থেকে মার্চের ১৮, ১৯ ও ২০ তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।





