অন্যান্য রাজ্যের পর এবার পরিযায়ী শ্রমিকদের দুর্ঘটনা পশ্চিমবঙ্গে। আহত ৩২ জন শ্রমিক।

পরিযায়ী শ্রমিকদের ওপর একের পর এক আঘাত যেন‌ও এসেই চলেছে। অন্যান্য রাজ্যে ট্রেন বাস দুর্ঘটনার পর এবার সেই তালিকায় নাম লেখালো বাংলা। পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে বাস উল্টে জখম হয়েছেন ৩২জন পরিযায়ী শ্রমিক। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। গত শনিবার দুটি পৃথক পথ দুর্ঘটনায় ৩০ জন পরিযায়ী শ্রমিক প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশের অউরিয়ায় ২৪ জন এবং মধ্যপ্রদেশের বান্দায় ৬ জন মারা যান। ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ফের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পথ দুর্ঘটনা।

রবিবার সাত সকালেই জলপাইগুড়ির ধুপগুড়িতে এই পথ দুর্ঘটনা হয়। পুলিশ সূত্রে খবর, আহতদের জলপাইগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলেও জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

এই পরিযায়ী শ্রমিকেরা প্রত্যেকেই বাসে করে কোচবিহারে যাচ্ছিলেন। বাসে ছিলেন কিছু মহিলা এবং বাচ্চাও। তাঁরাও রীতিমতো আহত হন বলে জানা গিয়েছে। সূত্রের খবর বাস চালক পলাতক। তাঁকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

রবিবার সকালে মধ্যপ্রদেশেও আর একটি দুর্ঘটনা ঘটে। সেই রাজ্যের বারওয়ানি জেলায় চারজনের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। তাঁদের মধ্যে একজন পরিযায়ী শ্রমিক এবং তাঁর স্ত্রী ইন্দোরের দিকে ফিরছিলেন সেই সময়েই ট্রাক এসে তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

RELATED Articles

Leave a Comment