সারদা মামলায় তৎপর সেবি! নিলাম করা হচ্ছে সারদার ৬১টি প্লট, কবে টাকা ফেরত পাবেন আমানতকারীরা?

বেশ অনেকদিন পর সারদা নিয়ে তৎপর হল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি। আগামী ১৭ই জুলাই সারদা গোষ্ঠীর ৬১টি জমি নিলাম করা হবে বলে জানিয়েছে শেয়ার বাজারের এই সংস্থা। নিলাম থেকে প্রাপ্য টাকা আমানতকারীদের ফেরানো হবে বলে জানিয়েছে ওই সংস্থা।

সূত্রের খবর, শূন্য জমিগুলির বেশীরভাগই পশ্চিমবঙ্গে রয়েছে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বাজেয়াপ্ত করা হয় সেগুলি। এই জমিগুলির বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। এটাই সর্বনিম্ন মূল্য ধরে নিয়ে শুরু হবে নিলাম।

২০১৩ সাল থেকে বন্ধ সারদা চিট ফান্ড। পশ্চিমবঙ্গ তো বটেই, এছাড়াও অসম, ত্রিপুরা মিলিয়ে প্রায় ১৭ লক্ষ মানুষ টাকা রেখেছিলেন ওই সংস্থায়। তাদের মধ্যে কত আমানতকারী এখনও পর্যন্ত টাকা ফেরত পেয়েছেন, তার হিসাব নেই। সারদা কর্তা সুদীপ্ত সেন ও তাঁর সহকারী দেবযানী মুখোপাধ্যায় বাদে প্রায় সব অভিযুক্তই জামিনে মুক্ত রয়েছেন বর্তমানে। প্রাথমিক হিসাব অনুযায়ী, সুদীপ্ত সেন বাজার থেকে মোট আড়াই হাজার কোটি টাকা তুলেছিলেন। এর মধ্যে একটা মোটা অর্থ জমি বাড়িতে বিনিয়োগ করেন তিনি।

প্রথমবার সেবি সারদার জমি নিলাম করেছিল গত বছরের সেপ্টেম্বরে। সেবার মাত্র ১ কোটি ২৩ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপর ফের জমি নিলাম হবে আগামী ১৭ই জুলাই। যে ৬১টি জমি নিলাম করা হবে, তার মধ্যে বেশীরভাগই পশ্চিমবঙ্গে রয়েছে। জমিগুলি মূলত দুই ২৪ পরগণা, বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর এলাকায় রয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য সারদার একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদারের কমিটি। গত বছরের আগস্ট মাসে এই আলোচ্য ৬১টি জমি নিলামের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

RELATED Articles