দিঘার সৈকতে জেলেদের জালে ধরা পড়ল এক বিশালাকার মাছ। মাছটির ওজন প্রায় ৭৮০ কেজি। সপ্তাহের শুরুতে এমন বৃহদাকার চিল শংকর মাছ দেখতে ভিড় জমালেন অনেকেই। এমনকি মাছটির এই বিশালত্ব ক্যামেরাবন্দি করলেন অনেকেই। জানা গিয়েছে, রানাঘাটের এক ব্যবসায়ী এই মাছটি কিনেছেন।
সোমবার সকালে ওড়িশার এক মাছ ট্রলার মালিকের জালে ধরা পড়ে ৭৮০ কেজি ওজনের বিশালাকৃতির এক চিল শংকর মাছ। এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় দিঘা মোহনার বাজারে। কিন্তু করোনা আতঙ্কের জেরে এই মাছটিকে কাছ থেকে দেখতে আসার সাহস করলেন না কেউই। বরং বাজারে অনেকেই ভীড় করে দূর থেকে মাছটিকে দেখার আশা মিটিয়ে নিলেন। কারণ সাধারণত এত বড়ো শংকর মাছ দেখতে পাওয়া যায় না। এমনকি এই মাছের ছবিও তুলে রাখলেন অনেকেই।

এরপর সেটিকে নবকুমার পয়ড়্যার কাঁটাতে বিক্রির জন্য পাঠানো হয়। নিলামে ওঠে এই বিশালাকার শংকর মাছ। এরপর সেই নিলামে উপস্থিত রানাঘাটের এক পাইকার মাছটি কিনে নেন। উপস্থিত এক মৎস্যজীবী জানান, এই মাছটির ওজন ছিল ৭৮০ কিলোগ্রাম এবং এই মাছটি ২১০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে।
উল্লেখ্য, দিঘার সমুদ্রে মাঝে মাঝেই এমন বিশালাকার মাছ দেখতে পাওয়া যায়। বিভিন্ন সময় বিভিন্ন আকার আয়তনের মাছ এই দিঘায় জেলেদের জালে ধরা পড়ে। যেমন এ বছর মার্চের দিকে একটি ৯০০ কেজির শংকর মাছ জেলেদের জালে ধরা পড়েছিল। সেই খবর রাষ্ট্র হতেই অনেকেই সেই মাছ দেখার জন্য ভিড় করেছিলেন।






