সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। আর এই আবহে এবার ফের লক্ষ্য করা যাচ্ছে দলবদলের হিড়িক। তবে এবার চিত্রটা একটু অন্যরকম। বলা যায় যেন উলাটপুরাণ। এবারের দলবদলে শক্তি বাড়ল বামেদের (CPM)। হ্যাঁ, সেই দল যারা ৩৪ বছরের শাসনকালের পর মাত্র ১০ বছরের মধ্যেই বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, সেই বাম শিবিরেই এবার তৃণমূল ও বিজেপি (TMC-BJP) থেকে যোগ দিল ৯২০ পরিবার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) রামনগর ২ ব্লকের কালিন্দীতে।
গতকাল, সোমবার বামেদের সমাবেশে সুজন চক্রবর্তীর হাত ধরে তৃণমূল ও বিজেপি ছেড়ে সিপিএমে যোগ দেন ৯২০টি পরিবার। এই যোগদান উপলক্ষ্যে এদিন কালিন্দীতে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। এই সমাবেশ মঞ্চ থেকেই দলে যোগ দেওয়া নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেয় সিপিএম নেতৃত্ব। এদিনের সমাবেশে বক্তব্য রাখেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী, জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, যুব নেতা বিশিষ্ট আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, ইব্রাহিম আলি, আশিস প্রামাণিক, ফারুক আলি ও আরও অনেকে।
এদিন তৃণমূল থেকে যে সমস্ত উল্লেখযোগ্য নেতারা এদিন সিপিএমে যোগ দেন, তারা হলেন- শেখ ওয়াহের মহম্মদ, ফারুক আলি, শঙ্কর জানা, যুব তৃণমূল নেতা ইরফান হোসেন, হারাধন মণ্ডল, শেখ সাহাবুদ্দিন প্রমুখ।
এদিনের এই সমাবেশে তৃণমূলত্যাগীরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, “তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত সুবিধাবাদী রাজনৈতিক দল। দিনে-দিনে রাজ্যের গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে। রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি, উন্নয়নের নামে জেলাজুড়ে তোলাবাজি করা হচ্ছে”। দলত্যাগীদের কথায়, নানান দুর্নীতির ঘটনায় বিদ্ধ তাদের দল। সেই কারণেই তাদের এই দলবদল।
এদিন বিশিষ্ট আইনজীবী তথা যুব সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “এখনও সময় আছে শুধরে যান, শুধরে গিয়ে রামনগরের কালিন্দীর মত সারা রাজ্যে তৃণমূল ও বিজেপি ছেড়ে লাল ঝান্ডার তলায় আশ্রয় নিতে শুরু করুন। তা না হলে এমন একদিন আসবে যে তৃণমূল কর্মী-সমর্থকদের পোস্টার ঝুলিয়ে বাঁচার জন্য বলতে হবে আমি তৃণমূল করি না”।
অন্যদিকে, সুজন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এ রাজ্যের সৈকত কেন্দ্র দিঘা-শংকরপুর-মন্দারমণি-তাজপুর জুড়ে তৃণমূল অধুনা বিজেপি তোলাবাজি চালাচ্ছে। তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিচ্ছে ইডি, সিবিআই। তদন্তকারী সংস্থা না পারলে আগামিদিনে রামনগর-সহ কাঁথির মানুষ তৃণমূল নেতাদের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করবে”।





