কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার (Coochbuhar-Kolkata flight) কৃতিত্ব আসলে কার, তা নিয়ে এখন তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে দ্বন্দ্ব। আর এরই মধ্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) জানালেন যে ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ আজ কলকাতা থেকে কোচবিহারের প্রথম উড়ানে তৃণমূল নেতৃত্ব (TMC) অংশ নেবে না। তাঁর কথায়, বিমানে আসন বণ্টন নিয়ে মতের অমিলের কারণে এই সিদ্ধান্ত।
গতকাল, সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট করে রবীন্দ্রনাথ লেখেন, “অনিবার্য কারণবশত আগামী কালকের কলকাতা-কোচবিহার বিমান যাত্রা বাতিল করা হল”। এর পর এক সংবাদমাধ্যমে তিনি ফোনে জানান, “বিমানে সব বিজেপির লোকজন ভর্তি। তাই আমরা যাব না”।
এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, “কোচবিহারের পাঁচ জন বিধায়ক ওই বিমানে কলকাতা থেকে কোচবিহার আসছেন। তৃণমূলের কেউ থাকছেন কি না সেই বিষয়ে জানা নেই”।
উল্লেখ্য, আজ, মঙ্গলবার থেকে চালু হবে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা। এদিনের এই বিমান উদ্বোধনে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই উদ্বোধনে উপস্থিত থাকবেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিধায়ক সুকান্ত মজুমদার।
পঞ্চায়েত নির্বাচনের আগে এই বিমান পরিষেবা চালু নিয়ে তৃণমূল ও বিজেপি দু’পক্ষের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে। দু’পক্ষই এই পরিষেবার জন্য কৃতিত্ব নিতে চাইছে। একদিকে বিজেপির দাবী, রাজ্য সরকার এতদিনে কোচবিহারে বিমান পরিষেবা চালু করতে পারে নি। কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে তা শুরু হল। অন্যদিকে আবার তৃণমূলের দাবী, রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এই বিমান পরিষেবা চালু করা সম্ভব ছিল।
বলে রাখি, গত ১৫ ফেব্রুয়ারি কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তবে এবার অবশেষে আজ, মঙ্গলবার সাধারণ যাত্রীদের জন্য চালু হতে চলেছে এই বিমান পরিষেবা। প্রাথমিকভাবে কেন্দ্রের ভর্তুকিতে টিকিটের দাম থাকবে ৯৯৯ টাকা। তবে আভাস মিলেছে যে হয়ত একমাস কেন্দ্রের ভর্তুকিতে বিমান পরিষেবা চালু থাকবে।





