বারাসতের জনতার চাপে ‘ঘর বন্দি’ ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প! কটাক্ষ বিজেপির

প্রবল জনতার চাপে বারাসতের একটি জায়গায় দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হল প্রশাসন। থিকথিকে ভিড়ের জেরে এই সিদ্ধান্ত নিতে হয় তাঁদের। তবে স্থানীয়দের অভিযোগ, সরকারি আধিকারিকদের পরিকল্পনার অভাবেই বন্ধ করা হয় এই কর্মসূচি। সাধারণ মানুষের‌ তুলনায় সরকারি কর্মীর সংখ্যা ছিল নগন্য। ফলে একসঙ্গে এত মানুষের নানা বিষয়ে খোঁজখবর নেওয়া এবং তাঁদের পরিষেবা সংক্রান্ত নথিপত্রের কাজ করতে গিয়ে কার্যত হিমশিম খান প্রশাসনিক আধিকারিকরা। ফলে কিছুক্ষণের মধ্যেই ক্যাম্প বন্ধ করে দিতে বাধ্য হন তাঁরা।
শুক্রবার বারাসত পুরসভার ২০-২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায়। বাড়ি বাড়ি স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।
ভোটের আগে বাংলার মানুষের মন জিততে সরকারের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বিজেপি। যদিও শাসক দল তৃণমূলের তরফে জানানো হয়েছে করোনা সংক্রমণের আশঙ্কাতেই ক্যাম্প বন্ধ করে দিতে হয়েছে।
‘দুয়ারে সরকার’ এই ক্যাম্পের আয়োজনের দায়িত্বে ছিল বারাসত পুরসভা। স্থানীয়রা পুরসভার দিকে অভিযোগ তুলেছেন। তাঁরা জানিয়েছেন এত মানুষের জমেছিল যে, স্বেচ্ছাসেবকরাও ভিড় নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। পুরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় অবশ্য বলেন, আমি নিজে দেখে এসেছি। প্রায় ২৫ হাজার লোক এসেছিলেন ক্যাম্পে।’’ তিনি আরও বলেন, ‘‘নির্ধারিত ১১ ডিসেম্বরের মধ্যে প্রথম পর্বের কাজ শেষ, করতে গিয়েই এই বিপত্তি।’’ তবে আগামিকাল শুক্রবার থেকে বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুনীল।

RELATED Articles