আবু তাহেরের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, পাল্টা মৃতের উপরেই দোষ তৃণমূল সাংসদের, উত্তেজনা গোটা এলাকায়

ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে। তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু হল চার বছরের শিশুর। শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আবু তাহের।

আজ, বুধবার দুপুরে নওদা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলেন তৃণমূল সাংসদ আবু তাহের। পথে পিঁপড়ে খালি এলাকায় হঠাৎ করে চার বছরে এক শিশু আচমকা তৃণমূল সাংসদের গাড়ির সামনে চলে আসে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় হাসিম সরকার নামে ওই শিশুটি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা।

হাসপাতাল সূত্রে খবর, শিশুটির মাথায় গুরুতর চোট লাগে। প্রায় সাড়ে তিন ঘণ্টা চিকিৎসা চলার পর মৃত্যু হয় শিশুটির। শিশুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আবু তাহেরও।

তিনি জানান যে এদিন সকালে ওই শিশুটি নাকি মায়ের সঙ্গে ব্যাঙ্কে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় রাস্তায় মায়ের হাত ছেড়ে দেয় সেই। আবু তাহেরের কথায়, শিশুটি এমন আচমকা গাড়ির সামনে চলে এসেছিল যে চালকের খুব একটা কিছু করার ছিল না। তিনি ব্রেক কষেন। কিন্তু তাতেও দুর্ঘটনা এড়ানো যায়নি।

গাড়ির ধাক্কায় জখম হয় শিশুটি। পরে সাংসদের গাড়িতেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যু হয় তার। এই দুর্ঘটনায় শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত হয়ে ওঠে এলাকার মানুষ। শুরু হয় বিক্ষোভ। অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত শিশুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ।

RELATED Articles