বেআইনিভাবে যাদের নিয়োগ করা হয়েছে, তাদের সকলকে জেরা করতে হবে, সহযোগিতা না করলে গ্রেফতার, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়ে মোটেই খুশি নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন এত ধীর গতিতে তদন্ত এগোচ্ছে, তা জানতে চান বিচারপতি। অভিযোগ উঠেছিল যে বেআইনিভাবে ৫৪২ জনকে নিয়োগ করা হয়েছিল। ৬ মাসের মধ্যে যাতে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হয়, তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফে। কিন্তু ছয় কেটে গেলেও মাত্র ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সিবিআইয়ের কাছে এই বিষয়ে জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই জানায়, এটি একটি বৃহত্তম ষড়যন্ত্র। দুই ভাগে ভাগ করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাই দেরি হচ্ছে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার তদন্তের জন্য গঠন করা সিট পুনর্গঠন করার নির্দেশ দেন।

এর পাশাপাশি তিনি এও জানান যে ২১ দিনের মধ্যে বাকিদের জিজ্ঞাসাবাদ করতে হবে। শুধু তাই-ই নয়, কেউ যদি এই তদন্তে সহযোগিতা না করেন, তাহলে তাদের গ্রেফতার করার নির্দেশও এদিন দেয় আদালত।

বলে রাখি, গত বছর ২২শে নভেম্বর সন্দীপ প্রসাদ নামে এক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন। তাঁর অভিযোগ ছিল যে অর্থের বিনিময়ে নিয়োগ করা হয়েছে। এরপরই গ্রুপ ডি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

এই মামলার শুনানিতেই উঠে আসে ৫৪২ জন বেআইনিভাবে গ্রুপ ডি-তে চাকরি পেয়েছেন। সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যাতে ওই ৫৪২ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই তদন্তে গত ১৭ই জুন সিট গঠন করা হয়। সেই সিটেরই এদিন রদবদল করলেন বিচারপতি। দল থেকে দু’জনকে বাদ দিয়ে চারজনকে আনা হয়েছে।

RELATED Articles