ফের বোমার আঘাতে গুরুতর জখম হল শিশু। পঞ্চায়েত ভোট পর্বে এমন অনেক ঘটনাই সামনেই এসেছে। কিন্তু এখনও রাজ্য থেকে এই বোমাতঙ্ক মেটে নি। বল ভেবে খেলা করতে গিয়ে এক চতুর্থ শ্রেণীর পড়ুয়ার হাতে ফেটে গেল বোমা। বোমার আঘাতে হাত বাদ গিয়েছে শিশুর। ঘটনাটি ঘটেছে বসিরহাটে।
ঠিক কী ঘটেছিল?
বসিরহাট পুরসভা ২ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকার বাসিন্দা জখম ইউসুফ মণ্ডল। সূত্রের খবর, আজ, রবিবার সকাল দশটা নাগাদ বাড়ির পাশের বাগানে খেলছিল সে। হঠাৎই বল ভেবে বোমা তুলে নিয়ে খেলতে শুরু করে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। তাতে তার ডান হাত ও শরীরের বেশ কিছু অংশ মারাত্মক জখম হয়।
তড়িঘড়ি ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি হতে থাকে ক্রমেই। সেই কারণে তাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানাতরিত করা হয়। সেখানেই আপাতত ওই শিশুর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। একটি হাত গুরুতর জখম হয়েছিল। সেই কারণে সেই হাত বাদ দেওয়া হয়েছে।
এই বোমা বিস্ফোরণের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা বোমাটি সেখানে ফেলে রেখে গিয়েছে। ওই এলাকা থেকে আর কোনও বোমা উদ্ধার হয়নি বলে জানা গিয়েছে। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা তদন্ত চালাচ্ছে পুলিশ।





