গবাদি পশুর জন্য মাঠে গিয়েছিলেন ঘাস কাটতে। প্রতিদিনের মতোই নিজের মনে ফিরে আসছিলেন। মাঝপথে কী মনে হতে ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন। সেই টিকিটই যে তাঁর ভাগ্য বদলে দেবে, তা হয়ত তিনি কল্পনাও করতে পারেন নি।
মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পেশায় দিনমজুর থেকে একেবারে কোটিপতি হয়ে গেলেন ভাস্কর মাঝি। সংসার চালাতে যার নাভিশ্বাস উঠত, তিনিই এখন কোটি টাকার মালিক। গতকাল, রবিবারই লটারিতে এক কোটি টাকা জিতেছেন ভাস্করবাবু। স্বাভাবিকভাবেই এই টাকা জেতার পর বেজায় খুশি তিনি ও তাঁর পরিবার।
ঘটনাটি ঘটেছে বর্ধমানের মঙ্গলকোটের খুর্তুবাগ্রামে। ভাস্কর মাঝি এই টাকা জেতার পর তাঁর বাড়িতে এলাকাবাসীরা আসেন শুভেচ্ছা জানাতে। ভাস্করবাবু জানান, লটারিতে জেতা টাকা দিয়ে তিনি ছেলের জন্য পাকাবাড়ি বানাবেন। চাষের জন্য জমিও কিনবেন তিনি। আর বাকি টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে চান ভাস্কর মাঝি।
মা, স্ত্রী, ছেলে-বৌমা নিয়ে অভাবের সংসার দিনমজুর ভাস্কর মাঝির। মাটির বাড়িতেই থাকেন তারা। কয়েকটি গবাদি পশু রয়েছে। প্রতিদিন সেই গবাদি পশুর জন্যই ঘাস কাটতে যান ভাস্করবাবু। এদিনও ঘাস কাটতে যাওয়ার সময় ন’পাড়া মোড়ে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই ৩০ টাকার লটারির টিকিট কাটেন। সেই লটারির টিকিটই কোটিপতি বানিয়ে দেয় তাঁকে।
এ বিষয়ে ভাস্কর মাঝি বলেন, “৩০ টাকার লটারি কেটেছিলাম। তারা মায়ের ইচ্ছায় আজ ভাগ্য খুলেছে। রোজ আমি টিকিট কাটি না। মাঝে মাঝে কাটি। আজ কেটেছিলাম। আমার ঘর বাড়ি নেই। ছেলের জন্য ঘরবাড়ি করব। কিছু জমি কিনব”।





