কলেজের অধ্যক্ষের প্যাডে লেখা প্রেমের প্রস্তাব। তাতে আবার স্ট্যাম্প ও সইও রয়েছে অধ্যক্ষের। সেই চিঠিকে কেন্দ্র করেই তুমুল হইচই। এই মুহূর্তে সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ঠিক কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গুসকরা কলেজের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই কলেজের অধ্যক্ষের প্যাডে লেখা একটি চিঠি বেশ ভাইরাল হয়েছে। তাতে এক ছাত্রীকে উদ্দেশ করে লেখা হয়েছে যে কলেজের এক প্রাক্তন ছাত্র নাকি তাঁর প্রেমে পড়েছে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিচ্ছেন না সেই ছাত্রী। সেই কারণে নাকি পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না ওই ছাত্র।
ভাইরাল হওয়া সেই চিঠিতে ছাত্রীর কাছে আবেদন করা হয়েছে যাতে এই বিষয়ে তিনি কিছু একটা করেন। ওই ছাত্রটি যাতে ঠিক মতো পড়াশোনা করতে পারেন, সেই কারণে ছাত্রীকে ওই ছাত্রের প্রেম প্রস্তাবে সাড়া দেওয়ার আবেদন জানানো হয়েছে। আর সেই চিঠিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
স্থানীয় সূত্রে খবর, কেউ বা কারা গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের প্যাড ব্যবহার করে সেই চিঠি ছাত্রীর পরিবারকেও পাঠিয়েছে। ওই চিঠিতে আবার অধ্যক্ষের সই ও স্ট্যাম্পও রয়েছে বলে খবর। এই নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে।
এই প্রসঙ্গে গুসকরা কলেজের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায়ের বক্তব্য, “বিষয়টি এখনও আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে”। প্রাথমিক অনুমান, অধ্যক্ষের তরফে দেওয়া পুরনো কোনও নোটিশকে সুকৌশলে এভাবে ব্যবহার করে চিঠি লেখা হয়েছে। এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।





