রেশন কার্ডে পদবি ‘দত্ত’ থেকে বদলে হয়ে গেল ‘কুত্তা’, অভিনব প্রতিবাদ দেখিয়ে ‘দুয়ারে সরকার’ শিবিরে ঘেউ ঘেউ করলেন ব্যক্তি

আচমকাই দুয়ারে সরকার শিবিরে জয়েন্ট বিডিও-র গাড়ির সামনে কেউ একজন একটানা ঘেউ ঘেউ করছেন বলে শোনা গেল। ব্যক্তির এমন আচরণ দেখে হতবাক হয়ে যান সকলেই। কিছুক্ষণ পর এই রহস্যের উদঘাটন হল।

আসলে, ওই ব্যক্তির নাম শ্রীকান্তি কুমার দত্ত। কিন্তু রেশন কার্ডে তাঁর নাম ও পদবির বানান ভুল আসে। সেই ভুল সংশোধন করতে আবেদন জানিয়েছিলেন তিনি। কিনতি সংশোধন হয়ে আসার পর দেখা যায় তাঁর পদবি ‘দত্ত’র বদলে এসেছে ‘কুত্তা’। তারই প্রতিবাদ জানাতে এমন আচরণ করেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ২ নম্বর ব্লকে।

বাঁকুড়ার কেশিয়াকোল গ্রামের বাসিন্দা শ্রীকান্তি দত্ত। নতুন রেশন কার্ড হাতে পেলে তিনি দেখেন তাতে লেখা রয়েছে শ্রীকান্তি মণ্ডল। তাই ভুল সংশোধনের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু তারপরেও তার নাম আসে শ্রীকান্ত দত্ত।

সেই কারণে আবারও দুয়ারে সরকারে গিয়ে তিনি নাম সংশোধনের জন্য আবেদন জানান। গত ১১ নভেম্বর রেশন কার্ড ডাউনলোড করে দেখতে পান তার নাম ঠিক রয়েছে। তবে পদবি দত্তর পরিবর্তে লেখা রয়েছে ‘কুত্তা’।

এরপর বেশ বিরক্ত হন তিনি। ফের গত ১৬ই নভেম্বর পদবি সংশোধনের জন্য তিনি ফের ‘দুয়ারে সরকার’ শিবিরে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে জয়েন্ট বিডিও গাড়িতে বসে রয়েছেন। সেই গাড়ি আটকে প্রতিবাদ জানান তিনি। জানলার কাচ বেয়ে একটানা ঘেউ ঘেউ করে চলেন।

এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর জয়েন্ট বিডিও বিমান কর শ্রীকান্তিকে নিয়ে দুয়ারে সরকার শিবিরে যান ও সেখানকার আধিকারিকদের নির্দেশ দেন ভুল সংশোধনের জন্য। তৎক্ষণাৎ শুরু হয়ে যায় প্রক্রিয়া।

জানা গিয়েছে নিজের সংশোধিত রেশন কার্ড ডাউনলোডও করে নিয়েছেন শ্রীকান্তি। কিন্তু নাম ও পদবির ভুল সংশোধন করার জন্য তাকে যেভাবে হয়রানি হতে হল, তাতে বেশ ক্ষুব্ধ ওই ব্যক্তি। তিনি বলেন, “কোনও মানুষের পক্ষে সমস্ত কাজ ফেলে বারবার ‘দুয়ারে সরকার’ শিবিরে যাওয়া সম্ভব নয়”।

RELATED Articles