পুলিশের পরীক্ষাতেও জালিয়াতি, লিখিত পরীক্ষার সমস্ত কারচুপি ধরা পড়ল ইন্টারভিউতেই, পুলিশের জালে যুবক

পুলিশ হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল, তাতেও জালিয়াতি। লিখিত পরীক্ষা দিতে ভুয়ো পরীক্ষার্থী পাঠিয়েছিল যুবক। ইন্টারভিউ দিতে আসে নিজে। ফলত, লিখিত পরীক্ষা দেওয়া ব্যক্তির সঙ্গে ইন্টারভিউ দিতে আসা ব্যক্তির বায়োমেট্রিক মিলল না। তাতেই ধরা পড়ল সমস্ত কারচুপি।

গত ৩ ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষা ছিল। ওই পরীক্ষার একজন প্রার্থী ছিলেন সুগম কুমার যাদব নামের এক ব্যক্তি। বিহারের কাটিহার জেলার গোবিন্দপুর এলাকার বাসিন্দা তিনি। তবে লিখিত পরীক্ষার দিন নিজে পরীক্ষা দিতে না এসে অন্য একজন ভুয়ো পরীক্ষার্থীকে পাঠিয়েছিলেন তিনি।

তবে গতকাল, শুক্রবার ইন্টারভিউ রাউন্ডে নিজেই এসেছিলেন ওই ব্যক্তি। লিখিত পরীক্ষা যে দিয়েছিল, সেই ব্যক্তির সঙ্গে ইন্টারভিউ দিতে আসা ব্যক্তির বায়োমেট্রিক মিলছিল না। এরপরই বিষয়টি স্পষ্ট হয় পুলিশের কাছে। বিহারের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, ৩ ডিসেম্বরের ওই পরীক্ষায় একাধিক ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছিল। এদের মধ্যে অনেকেই ছিল বিহারের বাসিন্দা। অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল তারা। নানান পরীক্ষাকেন্দ্র থেকে ওই লিখিত পরীক্ষার দিন ১৯ জন ভুয়ো পরীক্ষার্থীদের পাকড়াও করেছিল পুলিশ। এবার ধরা পড়ল আরও এক জালিয়াতি।

RELATED Articles