নতুন বছরকে বরণ করে নেওয়ার রাতেই ঘটে গেল এক দুর্ঘটনা। আনন্দে কাটল তাল। দুর্ঘটনার কবলে পুলিশ কর্মীরা। এক বেপরোয়া গাড়ি ধাক্কা দেয় কর্তব্যরত ডিএসপি ও পুলিশ কর্মীদের। এই ঘটনায় জখম হন ডিএসপি-সহ পাঁচ পুলিশকর্মী। নতুন বছরের ভোরে মৃত্যু হয় এক কনস্টেবলের। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে।
কী ঘটেছিল ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার রাঘবপুর মোড় এলাকায়। গতকাল, রবিবার রাতে পুরুলিয়ার দেশবন্ধু রোডে একদিকে তৃণমূল কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছিল। আর অন্যদিকে স্থানীয় বাসিন্দারা বর্ষবরণের জন্য ভিড় জমিয়েছিলেন। এদিন পুরুলিয়া রাঘবপুর মোড়ের যান নিয়ন্ত্রণে কাজ করছিলেন পুরুলিয়ার ডিএসপি ট্রাফিক, সাব ইন্সপেক্টর সহ পাঁচ পুলিশকর্মী। জানা গিয়েছে, সেই সময়ই একটি বেপরোয়া গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পুলিশকর্মীরা।
এদিন তৃণমূল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সেরে ফিরছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো ও অন্যান্য নেতা-কর্মীরা। তাদের উদ্যোগেই পুলিশ কর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
জানা গিয়েছে, আহত পুলিশ কর্মীদের মধ্যে বাবলু গড়াই নামের এক পুলিশ কর্মীর অবস্থা গুরুতর ছিল। তাঁকে দুর্গাপুর বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু আজ, সোমবার ভোরে তাঁর মৃত্যু হয় সেখানে।
পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটি সরকারি আবগারি দফতরের। সেই গাড়িতে চালক ছাড়া আর কোনও সরকারি আধিকারিক ছিলেন না বলে খবর। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।





