কনকনে ঠাণ্ডা নয়, বরং একটু উষ্ণ আবহাওয়ার মধ্যেই নতুন বছরকে বরণ করে নিয়েছে বঙ্গবাসী। তবে এবার নতুন বছরে হাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় যেমন তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তেমনই আবার দক্ষিণবঙ্গের মাটি ভিজতে পারে বৃষ্টিতে।
কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে একটি নিম্নচাপ আরব সাগরে শক্তি বাড়াচ্ছে। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এর অভিমুখ হবে। বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
তবে দক্ষিণবঙ্গের জন্য অবশ্য তেমন সুখবর নেই। হাওয়া অফিস জানাচ্ছে, নতুন বছরের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আবার পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট। হাওয়া অফিসের কথায়, আগামী দু-তিন দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশা থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে এও জানানো হয়েছে যে বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ দেখা যাবে। সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলা শীত উধাও হবে। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি বেশি রয়েছে এখন। পূবালী হাওয়ার কারণে উত্তর-পশ্চিম হাওয়া বাধা পাচ্ছে।





