রেজিস্টারের নাম করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়ার টোপ, আর্থিক প্রতারণার ফাঁদে বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী

দিন দিন যেন আর্থিক প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। এবার আর্থিক প্রতারণার জালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের সই ও সিল জাল করে চাকরির টোপ দেওয়া হয় ছাত্রীকে। নেওয়া হয় টাকা। এভাবেই আর্থিক প্রতারণার শিকার হন ছাত্রী।

কী ঘটেছে ঘটনাটি?

ওই প্রতারিত ছাত্রী রায়গঞ্জ বিদ্যালয়েরই প্রথম বর্ষের পড়ুয়া। মাসখানেক আগে একটি ডেটা এন্ট্রি পদে চাকরির জন্য নোটিশ দেখেন তিনি। সেখানে যে ফোন নম্বর দেওয়া ছিল, তাতে ফোন করেন পড়ুয়া। ছাত্রী জানান, সেখান থেকেই তাঁকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ দুর্লভ সরকারের ফোন নম্বর দেওয়া হয়। সেই নম্বরে যোগাযোগ করেন ওই ছাত্রী। এরপর বিশ্ববিদ্যালয়ের ইমেল আইডি থেকে মেইল মারফত চাকরির নিয়োগের বিষয়ে জানানো হয় তাঁকে। এমনকি, চাকরির জন্য তার কাছ থেকে সব মিলিয়ে প্রায় ৭০ হাজারেরও বেশি টাকা চাওয়া হয় বলে অভিযোগ।

ওই ছাত্রী জানান, “অনুরাধা সেন নামে ফেসবুকে একজনের সঙ্গে আলাপ হয়। তিনি জানান বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রির পদ খালি রয়েছে। সেখানে লোক নেবে। আমার আর্থিক অবস্থা খারাপ হওয়ায় আমি চাকরি করব বলে রাজি হই। উনি রেজ্রিস্টার দুর্লভ সরকারের নম্বর দিলেন। ওই ব্যক্তি নিজেকে রিজিস্ট্রার পরিচয় দিয়ে আমার থেকে টাকা চাইলেন। বললেন, ৭০ হাজার ২০০ টাকা দিতে হবে ল্যাপটপ, জয়নিং, পিএফ অ্যাকাউন্ট করতে। আমি আমার দাদাকে দিয়ে সেই টাকা দিয়ে দিই”।

ওই পড়ুয়া আরও বলেন, “জয়েনিংয়ের সময় একমাসের বেতন আগে দিয়ে দেব। বললেন জয়েনিং লেটার পোস্ট অফিস থেকে পাওয়া যাবে। এরপর মেইল খুলে দেখি মেইল করা হয়েছে। সেটা নিয়েই আসি। কালকে বলা হয় আমার অ্যাকাউন্টে ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে এটা তোলার জন্য আরও ৫ হাজার টাকা দিতে। এরপর সন্দেহ হতেই রেজিস্ট্রার স্যার জানান এই রকম কোনও কাজের খোঁজ নেই”।

জানা গিয়েছে, এরপরই ইউনিভার্সিটিতে গিয়ে অভিযোগ জানান ওই ছাত্রী। সেই সময়ই সামনে আসে আসল ঘটনা। ছাত্রী বুঝতে পারে তিনি প্রতারণার শিকার। রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার বলেন, “এরকম কোনও কাজের খোঁজ নেই”।

এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই পুলিশের কাছে অভিযোগ জানান ওই পড়ুয়া। এই ব্যাপারে সচেতন থাকার কথা জানিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার। যেভাবে দিনদিন সাইবার ক্রাইম বেড়ে চলেছে, তাতে পড়ুয়াদের সাবধান করার ভাবনাচিন্তাও করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

RELATED Articles