উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সর্বত্র কমেছে তাপমাত্রা। রাজ্যজুড়ে বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। ভোরের দিকে দেখা যাচ্ছে ঘন কুয়াশা। আর দার্জিলিং তো এখন মুড়ে রয়েছে সাদা বরফের চাদরে। সব মিলিয়ে রাজ্যে এখন শীতের স্পেল দারুণ।
কেমন থাকবে আগামী কয়েকদিনের তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, অবাধ উত্তুরে হাওয়া ধুছে রাজ্যে। এর প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের দক্ষিণবঙ্গে দিনরাতের তাপমাত্রার পারদ নীচের দিকেই থাকবে। খুব সকালে বা ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাবে।
গতকাল, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৭ থেকে ৯১ শতাংশ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনি-রবিবার পর্যন্ত কলকাতায় শীতের লম্বা স্পেল থাকবে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রার পারদ ওঠানামা বা পরিবর্তনের সম্ভাবনা বেশ কম। তাই শীতের আমেজ বেশ ভালোই উপভোগ করবে শহরবাসী।
উত্তরবঙ্গের কী অবস্থা?
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। গতকাল, বুধবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সান্দাকফু, উত্তর সিকিম, পূর্ব সিকিমে তুষারপাত হয়েছে। দার্জিলিংয়ের বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হয়েছে। ডুয়ার্সের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এর জেরে প্রচুর পর্যটক বরফের আনন্দ উপভোগ করতে পৌঁছে গিয়েছেন সিকিম ও দার্জিলিংয়ে।
একাধিক স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারী তুষারপাতের জন্য সিকিমের বিভিন্ন পর্যটনস্থলগুলিতে প্রায় ৪০০-র বেশি গাড়ি আটকে পড়েছিল। সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়ঙ্কর শৈত্য প্রবাহও চলছে। সিকিমের রাজধানী গ্যাংটকেও এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!