মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া পেজে কুরুচিকর মন্তব্য করার জের, মেমারি থেকে গ্রেফতার আদিবাসী যুবক

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অপরাধে গ্রেফতার হল এক যুবক। নাম সঞ্জিত মুর্মু। পূর্ব বর্ধমানের আমাদপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, আজ, রবিবার মেমারি থানার পুলিশ গ্রেফতার করেছে তাকে।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও সম্প্রচারিত হয়। সেই ভিডিওতেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন সঞ্জিত মুর্মু নামের ওই যুবক।

এরপর এই নিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আজ, রবিবার মেমারি ১ নম্বর ব্লকের আমাদপুরের ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এদিন পুলিশ ওই যুবককে বর্ধমান আদালতে পেশ করে বলে জানা গিয়েছে।

এদিন সংবাদমাধ্যমের সামনে নিজের অপরাধ স্বীকার করে যুবক জানান, “নেশা করে ছিলাম। না বুঝেই কুকথা লিখে ফেলেছি”।

RELATED Articles