ফের কী তবে রাজ্য বিজেপিতে (Bengal BJP) আরও বড় ভাঙন আসতে চলেছে? তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্যে যেন তেমনই কিছু আঁচ মিলছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজের কাজের রিপোর্ট পেশের অনুষ্ঠানে বলেন, “বিজেপি নেতারা তৃণমূলে (TMC) আসার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দরজা খুলে দিলে দলটা উড়ে যাবে”।
গতকাল, শনিবার ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপিকে ফেরব একবার বেলাগাম আক্রমণ শানান অভিষেক। বলেন, “খুব তো বলেছিল আব কি পার ২০০ পার! কী হল? সত্তরে থেমে গেল তো! বিজেপি নেতারা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলে ঢুকবে বলে। আমি তো গেট বন্ধ করে রেখেছি। গেট খুললে তো সব উড়ে যাবে”।
শুধু তাই-ই নয়, এদিন নানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধীদের বিরুদ্ধে লাগানোর জন্য কেন্দ্র সরকারকেও তোপ দাগেন অভিষেক। সুর সপ্তমে তুলে তিনি বলেন, “তোমাদের কাছে ইডি আছে, অর্থবল আছে। আমাদের মানুষ আছে। মমতার ছবি আর কর্মীরা আমাদের শক্তি। এই কর্মী আর কোথাও পাবেন না”।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর ভাঙন ধরেছে বিজেপিতে। একে একে নানান বিজেপি নেতা ফেরত গিয়েছেন তৃণমূলে। সদ্যই তৃণমূলে ঘর ওয়াপসি করেছেন অর্জুন সিং। বাবুল সুপ্রিয়ও বিজেপি ছেড়ে তৃণমূলেই যোগ দিয়েছেন।
আর এরই মধ্যে গতকালের সভায় অভিষেক ইঙ্গিত দিলেন যে আরও অনেক বিজেপি নেতাই নাকি লাইনে রয়েছেন তৃণমূলে আসার জন্য। তবে তিনি এও স্পষ্ট করে দেন যে সমস্ত নেতাকেই তৃণমূলে নেওয়া হবে না।
এদিন ডায়মন্ড হারবারের সাংসদ বলেন যে তৃণমূলে দলীয় কর্মীরাই সব। তাঁর কথায়, “এই দলে ২ নম্বর কেউ নেই। এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যাযয়। ২, ৩ নম্বর আপনারা, তৃণমূলের কর্মীরা”।





