‘বিজেপিকে সমর্থন করে পাপ করেছে বাঁকুড়ার মানুষ, তার প্রায়শ্চিত্ত করতে হবে’, ওন্দার সভা থেকে দাবী অভিষেকের

দল জাতীয় দলের (national party) তকমা খুইয়েছে। তা নিয়ে বিরোধীদের তোপ দাগতে কসুর করছে না তৃণমূল (TMC)। এরপর আজ,বুধবার বাঁকুড়ার ওন্দায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রচারে কোনও খামতি রাখতে চায় না তৃণমূল। এবার বাঁকুড়ার (Bankura) ওই সভা থেকে বাঁকুড়ার মানুষদের উদ্দেশেই আক্ষেপ জারি করলেন অভিষেক।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার উপর ভালো করে নজর দিচ্ছে ঘাসফুল শিবির। কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচন হোক বা একুশের বিধানসভা নির্বাচন, দুটোতেই বাঁকুড়ায় সেরকম ফল করতে পারে নি তৃণমূল। সেখানকার মানুষ সমর্থন করেছে বিজেপিকে। আর এই নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন অভিষেক।

এদিন চড়া কাঠফাটা গরমের মধ্যেই ওন্দায় সভা করেন অভিষেক। সভায় বাঁকুড়ার মানুষদের উদ্দেশে তিনি বলেন, “২০১৯-এ আপনারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন, আমরা ফেরায়নি। একুশে ফিরিয়েছেন, আমরা ফেরায়নি। লক্ষ্মীর ভাণ্ডার-কন্যাশ্রী-স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাচ্ছে। আপনারা ভুলপথে পরিচালিত হয়ে ভোট দিয়েছেন, আমরা অভিমান করিনি”।

তাঁর সংযোজন, “কিন্তু এখানে বলে গেলাম, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও রক্তমাংসে গড়া, আমিও রক্তমাংসে গড়া। আপনি যদি নিজের অধিকারের জন্য় না লড়েন, পরিবারের অধিকারের জন্য না লড়েন, তৃণমূল কংগ্রেসও আপনার অধিকারের জন্য় লড়বে না। আমি স্পষ্ট বলে গেলাম”।

যারা বিজেপিকে সমর্থন করেছিল, তাদের উদ্দেশে এদিন সভায় অভিষেক বলেন, “ওই মানুষরা সিদ্ধান্ত নিয়ে এসেছেন, বাঁকুড়ায় এর আগে ২০১৯ সালে ও ২০২১ সালে বিজেপিকে সমর্থন করে যে পাপ বাঁকুড়ার মানুষ করেছে, তার প্রায়শ্চিত্ত আগামী দিনে করবেন তাঁরা”।

অভিষেকের এই প্রায়শ্চিত্ত করার মন্তব্য নিয়ে পাল্টা দেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “তিনি একদমই ঠিক বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় কোনও অপ্রাসঙ্গিক কথা বলেননি। যারা পাপ করেছিলেন বিজেপিকে ভোট দিয়ে, তাঁদের মাথা মুড়িয়ে গ্রামে ঢুকতে দেওয়া হয়েছে। যাঁরা পাপ করেছিলেন বিজেপিকে ভোট দিয়ে তাঁদের মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে। পাপের জন্য শাস্তি দেওয়ার অধিকার রাজার থাকে। তাই তিনি যা বলেছেন ঠিক বলেছেন”।

RELATED Articles