কিছুদিন আগেই বিজেপি (BJP) ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। সেই উপলক্ষ্যেই আজ, সোমবার শ্যামনগরে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন এই সভায় অভিষেক বেশ স্পষ্ট ভাষাতেই বুঝিয়ে দেন যে অনেকেই তৃণমূলে আসতে চাইছে। তবে তিনি এও জানান যে সকলের জন্য তৃণমূল দরজা হাট করে খুলে রাখেনি। জনগণের উদ্দেশে অভিষেক জানতে চান, “আপনারা কী চান, আমরা দরজা খুলে রাখি”? জনতার জবাব, ‘না’। এরপর অভিষেক বলেন, “বেশ এখন দরজা বন্ধই থাকবে”।
অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর দাবী করেছিলেন যে বিজেপি আরও বেশ কয়েকজন সাংসদ রয়েছেন, যারা তৃণমূলে যোগ দিতে চান। এদিনের এই জনসভা থেকে অভিষেক বলেন যে এমন এমন নাম রয়েছে তালিকায়, শুনলে চমকে যাবেন।
তবে বিজেপি থেকে লোক ভাঙানোর চেয়ে নিজের দলকে ঐক্যবদ্ধ রাখার কথাই জোর দিয়ে বলেন অভিষেক। তাঁর পঁয়ত্রিশ মিনিটের ভাষণে তিনি পরিষ্কার করে দেন যে ২০২৪-এ বিজেপিকে তৃণমূল বাংলায় শূন্যে নামিয়ে আনবে।
তবে আদতে ঠিক কারা কারা বিজেপি থেকে তৃণমূলে আসতে চান, তা নিয়ে খোলসা করে কিছুই বলেন নি এদিন অভিষেক। তবে এমন মন্তব্য করে জল্পনাকে বেশ জিইয়ে রাখলেন তিনি।





