কোনও ষড়যন্ত্রের কাছে মাথানত নয়। সাধারণ মানুষের স্বার্থে তাই দিল্লির কর্মসূচিকেই প্রাধান্য দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির তলবকে বুড়ো আঙুল দেখিয়েই অভিষেকের ঘোষণা আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লি কর্মসূচিতেই যোগ দেবেন তিনি। এবার আর ইডির তলবে সাড়া দিচ্ছেন না অভিষেক।
আগামী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। এদিন সকাল সাড়ে ১০টায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেদিনই আবার দিল্লিতে কর্মসূচি রয়েছে তৃণমূলের। ১০০ দিনের বকেয়া টাকা-সহ আর নানান বকেয়া টাকার দাবীতে সেদিন দিল্লি কৃষি ভবনে অভিযান রয়েছে ঘাসফুল শিবিরের। সেই কারণে ইডি অভিষেককে তলব করায় এই কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল।
তবে আজ, শুক্রবার সকালে সমস্ত অনিশ্চয়তা দূর করলেন তৃণমূল নেতা নিজেই। এক্স হ্যান্ডেলে তিনি জানান যে আগামী ২ ও ৩ অক্টোবর তিনি দিল্লির কর্মসূচিতেই যোগ দেবেন।
এদিন অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন, “যতই বাধা আসুক বাংলার বঞ্চনার প্রতিবাদে লড়াই চলবেই। বাংলার বঞ্চিত শ্রমিকদের মৌলিক অধিকারের দাবিতে এই লড়াইয়ে আমাকে পৃথিবীর কোনও শক্তি আটকাতে পারবে না। আমি আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির বিক্ষোভে যোগদান করব”।
https://twitter.com/abhishekaitc/status/1707633510784397629?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1707633510784397629%7Ctwgr%5Efed7d45732d82e1f1563581fe479d3fb1c84d484%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fabhishek-banerjee-to-avoid-ed-summon-and-join-tmc-protest-in-delhi%2F
প্রসঙ্গত, এর আগেও অভিষেকের পূর্বনির্ধারিত কর্মসূচির দিনই তাঁকে তলব করেছে ইডি। ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকের দিন অভিষেককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। সেবার বৈঠকে যোগ না দিয়ে ইডির ডাকে সাড়া দিয়েছিলেন অভিষেক।
তবে এবার আর তা হবে না। এবার সাধারণ মানুষের স্বার্থে ইডির তলবে সাড়া না দিয়ে দিল্লিতেই যাবেন তিনি। বারবার অভিষেকের কর্মসূচির দিনই এভাবে ইডির তলব করা নিয়ে তৃণমূলের কটাক্ষ যে এই ঘটনা থেকে বেশ স্পষ্ট যে ইডির আসল উদ্দেশ্য তদন্ত করা নয়, বরং অভিষেকের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া।






