বিজেপি বিষ ছড়াচ্ছে বাংলায়! শুভেন্দুর কুকথার ভিডিও শেয়ার করলেন অভিষেক, গেরুয়া শিবিরকে ফের একহাত নিলেন তৃণমূল নেতা

এর আগেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নানান ভাবে কটাক্ষ করেছেন তিনি। এবারও এর অন্যথা হল না। একটি ভিডিও শেয়ার করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, বিজেপি বাংলায় বিষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এরই সঙ্গে শুভেন্দু অধিকারীর একটি ভিডিও-ও শেয়ার করেন তিনি।

কী বললেন অভিষেক?  

আজ, শুক্রবার একটি ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিও শেয়ার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিও শেয়ার করে অভিষেক লেখেন, “২ মিনিটের এই ভিডিওটি সাক্ষ্য দিচ্ছে বিজেপি বাংলায় কোন বিষ প্রয়োগ করেছে। অসংখ্য আবেদন সত্ত্বেও এই ব্যক্তি হাই কোর্টের সুরক্ষার অধীনে রয়ে গিয়েছেন। এই ধরনের বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়ানোর জন্য কে দায়ী এবং কী কারণে কলকাতা হাইকোর্ট তাঁকে আড়াল করছে”?

সন্দেশখালির ঘটনা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত গোটা বাংলা। বিরোধীরা সুর চড়িয়েছে শাসক দলের বিরুদ্ধে। গতকাল, বৃহস্পতিবারই  একটি ২০ মিনিটের তথ্যচিত্র পেশ করেছে বিজেপি। সেই তথ্যচিত্রে দাবী করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালির আসল সত্য আড়াল করতে চাইছেন।

সেই তথ্যচিত্র পেশ করার ঠিক পরদিন অর্থাৎ আজ, শুক্রবার শুভেন্দু অধিকারীকে নিয়ে এই ভিডিও শেয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ভিডিওতে শুভেন্দু নানান সময় যে কুকথা বলেছেন, সেইসব ফুটেজ একত্র করে কোলাজ করে শেয়ার করা হয়েছে। অভিষেকের অভিযোগ, শুভেন্দু বাংলায় বিদ্বেষ ও ধর্মান্ধতা ছড়াচ্ছেন। অভিষেকের প্রশ্ন, এমন একজন মানুষকে হাইকোর্ট কীভাবে সুরক্ষা দিচ্ছে এখনও!

উল্লেখ্য, এর আগেও শুভেন্দুর গ্রেফতারি নিয়ে দাবী তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এও বলেছিলেন ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জিতে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। আর সেই সরকার গঠন হলেই শুভেন্দুকে গ্রেফতার করা হবে। আর এবার শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে এমন একটি ভিডিও শেয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও অন্যান্য খবর