রাজ্য-কেন্দ্র ঝগড়া যেন নিত্য ব্যাপার! স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির পাল্টা ট্যুইট সাংসদ অভিষেক-এর!

আবার‌ও কেন্দ্রের আক্রমণের নিশানা রাজ্য। দেশজোড়া লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে রাজ্য সরকারকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রীকে পত্র পাঠিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি, পরিযায়ী শ্রমিক সমস্যা সমাধানে রাজ্যের তরফে সহযোগিতা মিলছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ‘অসহযোগিতা’র অভিযোগ নিয়ে এবার পালটা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে একহাত নিয়েছেন অমিত শাহকে।

‘নিজের দায়িত্ব পালনে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত সপ্তাহ পর মুখ খুললেন, তাও মিথ্যা প্রচারে! উনি ওই মানুষদের সম্পর্কে বলছেন, যাঁদেরকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে অমিত শাহের সরকারই। অমিত শাহ নিজের মিথ্যা অভিযোগ হয় প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান।’ এমনই কড়া ভাষায় টুইট করেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো।

প্রসঙ্গত, শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে অমিত শাহ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের থেকে প্রত্যাশামতো কোনও সাহায্য মেলেনি। রাজ্য সরকার ট্রেন পৌঁছতে দিচ্ছে না। এর ফলে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের প্রতি অবিচার করা হচ্ছে।’ চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দাবি, এখনও পর্যন্ত প্রায় ২ লাখ শ্রমিককে বাড়ি পৌঁছে দিতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার।

আরও অন্যান্য খবর